২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রাবিড়কে পেছনে ফেললেন সাঙ্গাকারা

গল টেস্টে পাকিস্তানের বড় সংগ্রহের পাল্টা জবাব দিচ্ছে শ্রীলঙ্কা। কুমার সাঙ্গাকারার শতক এবং মাহেলা জয়াবর্ধনের দৃঢ়তায় প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 06:00 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ২৫২ রান। এখনো ১৯৯ রানে পিছিয়ে আছে দলটি।

সাঙ্গাকারা ১০২ রানে ব্যাট করছেন। তার ২১৮ বলের ইনিংসটি ১৩টি চার সমৃদ্ধ। এটি পাকিস্তানের বিপক্ষে তার দশম আর সব মিলিয়ে ৩৭তম শতক।

এই শতকে রাহুল দ্রাবিড়কে (৩৬) পেছনে ফেলেন সাঙ্গাকারা। তার চেয়ে বেশি টেস্ট শতক আছে কেবল শচীন টেন্ডুলকার (৫১), জ্যাক ক্যালিস (৪৫) ও রিকি পন্টিংয়ের (৪১)।

সাঙ্গাকারার সঙ্গে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ১০৮ রানের জুটি উপহার দেয়া জয়াবর্ধনে ব্যাট করছেন ৫৫ রানে।

শুক্রবার ১ উইকেটে ৯৯ রান নিয়ে খেলা শুরু করে শ্রীলঙ্কা। তিন দফা বৃষ্টির বাধায় এদিন ৪৬ ওভারের বেশি খেলা হতে পারেনি।

প্রথম ঘণ্টার শেষ বলে কৌশল সিলভা বিদায় নিলে একমাত্র সাফল্যটি পায় পাকিস্তান। মোহাম্মদ তালহার বলে সরফরাজ আহমেদের গ্লাভসবন্দী হওয়ার আগে সাঙ্গাকারার সঙ্গে ১২০ রানের জুটি গড়েন সিলভা (৬৪)।

সিলভার বিদায়ের পর দলকে এগিয়ে নিতে থাকেন সাঙ্গাকারা ও শেষ টেস্ট সিরিজে খেলা জয়াবর্ধনে। চা-বিরতির ঠিক আগে বৃষ্টি নামলে এরপর আর খেলা সম্ভব হয়নি।

অফস্পিনার সাঈদ আজমল ২৯ ও বাঁহাতি স্পিনার আব্দুর রেহমান ১৭ ওভার বল করলেও কোনো উইকেট পাননি।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৪৫১ (ইউনুস ১৭৭, শফিক ৭৫, সরফরাজ ৫৫, রেহমান ৫০; পেরেরা ৫/১৩৭, হেরাথ ৩/১১৬)

শ্রীলঙ্কা: ২৫২/২ (থারাঙ্গা ১৯, সিলভা ৬৪, সাঙ্গাকারা ১০২*, জয়াবর্ধনে ৫৫*; তালহা ১/৪৫, জুনায়েদ ১/৭১)