ভারতের ওয়ানডে দলে দুই নতুন মুখ
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ১৭ জনের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দলে দুই নতুন মুখ কেরালার উইকেটকিপার ব্যাটসম্যান সানজু স্যামসন ও অলরাউন্ডার কর্ণ শর্মা।
১৯ বছর বয়সী সানজু এ পর্যন্ত ১৩টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেন। ৪৩.৩৮ গড়ে ৪টি শতক ও ৩টি অর্ধশতকে ৯১১ রান তোলেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলে খেলা এই উইকেটকিপার ব্যাটসম্যান।
বোলিং অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পাওয়া কর্ণ ৩৩টি প্রথম শ্রেণীর ম্যাচে একটি শতক ও ৬টি অর্ধশতক করেন। সব মিলিয়ে ৯৯১ রানের পাশাপাশি ৬৪টি উইকেটও পান তিনি। ২০১৫ বিশ্বকাপ সামনে রেখে নতুনদের সুযোগ দেয়ার পরিকল্পনার অংশ হিসেবেই স্যামসন-কর্ণদের দলে রাখার কথা জানান বিসিসিআই সেক্রেটারি সঞ্জয় প্যাটেল।
ধাওয়াল কুলকার্নি গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটির সিরিজের ভারত দলে জায়গা পেয়েছিলেন। তবে চোটের কারণে ছিটকে পড়েন তিনি। এবার ইংল্যান্ডের বিপক্ষে ২৫ বছর বয়সী ডানহাতি এই মিডিয়াম পেসারের আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষা ফুরাতে পারে।
পরিচিত মুখের মধ্যে দলে ফেরেন সুরেশ রায়না। গত এশিয়া কাপের পর থেকে দলের বাইরে ছিলেন তিনি। বাংলাদেশ সফরে খেলা মোহিত শর্মা, উমেশ যাদব দলে থাকলেও চোটের কারণে ছিটকে পড়েন লেগ স্পিনার অমিত মিশ্র।
বিস্ট্রলে দুই দেশের ওয়ানডে সিরিজটি শুরু হবে ২৫ অগাস্ট। সিরিজের বাকি ম্যাচগুলো ২৭ ও ৩০ অগাস্ট এবং ২ ও ৫ সেপ্টেম্বর।
ভারত দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বিরাট কোহলি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, স্টুয়ার্ট বিনি, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, মোহিত শর্মা, অম্বাতি রাইডু, উমেশ যাদব, ধাওয়াল কুলকার্নি, সানজু স্যামসন (উইকেটকিপার) ও কর্ণ শর্মা।
