ক্রিকেট দলের জন্য মনোবিদ চান হাথুরুসিংহে
চলতি বছর মোটেও ভালো কাটছে না বাংলাদেশ ক্রিকেট দলের। হারের মধ্যে থাকা দলটি মানসিকভাবে চাপে রয়েছে। তাই মনোবিদের সহায়তা নিতে চান প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে।
"মেন্টাল কন্ডিশনিং কোচ চেয়েছি আমরা। খেলোয়াড়দের সহায়তা করতে দেয়ার জন্য আমরা এই ব্যাপারটা নিয়ে ভাবছি। আমাদের ব্যাটিং ও বোলিংয়ে উন্নতি করতে হবে। তবে এটা নতুন শুরু আর আগামী কয়েক সপ্তাহের প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ।"
বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে শুরুটা ভালো হয়নি নতুন কোচ চন্দিকা হাথুরুসিংহের। ভারত সিরিজে হারের পর আরেকটি ধাক্কা খেয়েছে বাংলাদেশ, ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আর হাসান। শুরুটা খুব অস্বস্তিকর হলেও সামনের দিকে তাকাতে চান কোচ।
বাংলাদেশে ফিরে মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাথুরুসিংহে। দায়িত্ব নেয়ার পর দুর্ভাগ্যজনক পরিস্থিতি সৃষ্টি হওয়া নিয়ে তিনি বলেন, "এটা আমার নিয়ন্ত্রণের বাইরে। আমি এখন সামনের দিকে তাকাতে চাই।"
ছয় মাসের জন্য নিষিদ্ধ সাকিবের শাস্তি কমানোর ব্যাপারে কোনো অনুরোধ করবেন কি না জানতে চাইলে প্রধান কোচের "এটা অভ্যন্তরীণ ব্যাপার, এনিয়ে জনসম্মুখে কোনো আলোচনা করতে চাই না। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে আর আমি বোর্ডের সঙ্গে কাজ করি।"
বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য এসেছেন, যত দিন থাকবেন সেই লক্ষ্যে কাজ করে যাবেন।
"আমি এখানে এসেছি খেলোয়াড় আর দলের উন্নতির জন্য। যার সঙ্গেই কাজ করতে হোক আমি আমার সেরাটাই করবো। বাংলাদেশ দলের জন্য সেরাটা করবো"
অভিষেকের প্রায় পর থেকে সাকিব বাংলাদেশের নিয়মিত সদস্য। দলের সবচেয়ে বড় তারকাও তিনি। এই অলরাউন্ডারকে দলের আর দশজন ক্রিকেটারের মতোই দেখেন হাথুরুসিংহে।
"দলে আরো দশজন খেলোয়াড় খেলেন। আমার জন্য এটা বাংলাদেশ দল। তার (সাকিব) জায়গায় যেই আসুক, আশা করি সে তার সেরাটা দেবে।"
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষিত প্রাথমিক দল গত ১ জুলাই থেকে শারীরিক অনুশীলন শুরু করেছে। হাথুরুসিংহে জানান, বুধবার থেকে দলের ব্যাটিং, বোলিং অনুশীলন শুরু হবে, আর ঈদের পর থেকে শুরু হবে ম্যাচ প্রস্তুতি।
