টেস্টকে বিদায় বলছেন জয়াবর্ধনে
আরো বিবর্ণ কি হতে যাচ্ছে টেস্ট ক্রিকেট? শচীন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস গত বছরই টেস্ট থেকে অবসর নিয়েছেন। এবার ক্রিকেটের এই অভিজাত সংস্করণকে বিদায় জানাতে যাচ্ছেন শ্রীলঙ্কার ব্যাটিং কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে।
সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানায়, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে দুটি সিরিজ শেষেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন জয়াবর্ধনে।
এক বিবৃতিতে জয়াবর্ধনে বলেন, “১৮ বছর ধরে দেশের প্রতিনিধিত্বের সুযোগ পাওয়া খুব সম্মানের। এটা সহজ সিদ্ধান্ত ছিল না। তবে আমার বিশ্বাস এটাই সঠিক সময়।”
এপ্রিলেই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ৩৭ বছর বয়সী জয়াবর্ধনে। দেশের হয়ে সর্বোচ্চ ১৪৫টি টেস্ট খেলেন তিনি। ১১ হাজার ৪৯৩ রান নিয়ে সতীর্থ কুমার সাঙ্গাকারার সঙ্গে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় যৌথভাবে ষষ্ঠ স্থানে রয়েছেন জয়াবর্ধনে।
১৯৯৭ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় জয়াবর্ধনের। ৩৩টি শতক এসেছে তার ব্যাট থেকে, গড় ৫০ এর ওপরে।
টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেও এখনো ওয়ানডে খেলবেন বলে জানান জয়াবর্ধনে।
আগামী বুধবার থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। আর আগামী মাস থেকে পাকিস্তানের বিপক্ষে আরেকটি দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দেশটি।
