আশরাফুলের প্রতি সহানুভূতি
ম্যাচ পাতানোর দায়ে শাস্তি হলেও মোহাম্মদ আশরাফুলের প্রতি সহানুভূতিশীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনেক পাঠক।
বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা হিসেবে বিবেচিত আশরাফুল নিষেধাজ্ঞার মেয়াদ কাটিয়ে ফিরে আসবেন বলেও আশা করছেন তারা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ গড়াপেটায় যুক্ত থাকায়ে দোষী সাব্যস্ত সাবেক অধিনায়ক আশরাফুলকে আট বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ করে বিশেষ ট্রাইব্যুনাল বুধবার রায় দেয়।
এই সংবাদটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেইসবুক ফ্যান পেইজে দেয়া হলে ১ হাজার ৩৩৯ জন লাইক দেন। মন্তব্যও করেছেন অনেকে, যাতে এই ক্রিকেটারের ভক্তদের কষ্টের প্রকাশই বেশি হয়েছে।
তানজিরুল ইসলাম লিখেছেন, “আশরাফুল তোমার জন্য কষ্ট হচ্ছে, তুমি ভাল থেকো।”
রায়ান লিখেছেন, “আশরাফুল কে বলছি - this is not the end of life. আপনার ভাল ক্রিকেটের জন্যই আপনাকে আমারা মনে রাখব। ভুল আমরা সবাই করি। ভুল মানেই জীবনের শেষ নয়। কাটিয়ে উঠুন খারাপ সময়টুকু। ভবিষ্যতে ভাল কিছু করুন।”
রওশন জামির তানভির লিখেছেন, “ভুল করে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন..আশরাফুল একটা ভুল করছে আর সেই ভুলের জন্য ক্ষমা চেয়েছে...আশরাফুল ভাই আপনি যেখানেই থাকেন ভাল থাকেন..যতদিন দেখবো ক্রিকেট খেলা মনে পড়বে আপনার কথা.....।”
শাস্তি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ডধারী আশরাফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আশা করি, নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরতে পারব।”
কাঞ্চন নাথ লিখেছেন, “আশরাফুল ভাই আমি অপেক্ষায় থাকব।”
আশরাফুলভক্তদের সহানুভূতির পাশাপাশি তার আরো কঠোর শাস্তিও আশা করেছেন অনেকে।
মেঘবালক শাকিল লিখেছেন, আজীবন নিষিদ্ধ করা উচিত ছিল।
আশীষ চক্রবর্তী ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “বাংলার ষোল কোটি মানুষের সাথে যে বেইমানী আশরাফুল করেছে তার এত কম শাস্তি মেনে নিতে পারছি না। তাকে আজীবন নিষিদ্ধ করা উচিত ছিল।”
মেহেদী হাসান নামের একজন আবার ব্যঙ্গ করে মন্তব্য করেছেন, “আশরাফুল ভক্তদের বলছি চিন্তা করবেন না। ওনি ফিরবে, আর যতদিন না ফিরে ততদিন ওনাকে ফরমালিন দিয়ে বাচিয়ে রাখা হবে যাতে ওনি পচে না যায়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেইসবুক পেইজ (https://www.facebook.com/bdnews24) বাংলাদেশের গণমাধ্যমের ফ্যান পেইজগুলোর মধ্যে লাইক-দাতার সংখ্যা অনুযায়ী নিয়মিত শীর্ষে অবস্থান করে। এই পেইজের মন্তব্য উন্মুক্ত এবং দায় মন্তব্যদাতার।
