তৃতীয় ওয়ানডে পরিত্যক্ত
তিন দফা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার তৃতীয় ওয়ানডে।
প্রথম দুটি ওয়ানডে জিতে আগেই সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে ভারত।
বৃস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩৪ ওভার ২ বলে ১১৯ রান করে ভারত। এরপর বৃষ্টি নামলে সেখানেই ম্যাচের সমাপ্তি।
বৃষ্টির কারণে ভারত ইনিংসের নবম ওভারে ২৫ মিনিট ও ১৩তম ওভারে আড়াই ঘণ্টা খেলা বন্ধ থাকে। এ সময় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪০ ওভারে। তৃতীয় দফায় বৃষ্টির পর দেড় ঘণ্টা অপেক্ষা করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার এনামুল হক ও কুমার ধর্মসেনা।
আল-আমিন হোসেন, মাশরাফি বিন মুর্তজা ও তাসকিন আহমেদের মারাত্মক বোলিংয়ে মাত্র ১৬ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভারত।
আল-আমিন ফেরান অজিঙ্কা রাহানে ও মনোজ তিওয়ারিকে। মাশরাফির শিকার রবিন উথাপ্পা আর নিজের প্রথম বলে তাসকিন বিদায় করেন অম্বাতি রাইডুকে।
পঞ্চম উইকেটে অধিনায়ক সুরেশ রায়নার সঙ্গে প্রতিরোধ গড়েন চেতেশ্বর পুজারা। রায়নাকে অধিনায়ক মুশফিকুর রহিমের গ্লাভসবন্দী করে করে ৪১ রানের জুটি ভাঙার কৃতিত্ব সাকিব আল হাসানের।
ঋদ্ধিমান সাহার সঙ্গে আরেকটি জুটি গড়ে দলকে একশ’ রানের দিকে নিয়ে যান পুজারা। পরপর দুই ওভারে এই দুই ব্যাটসম্যানকে বিদায় করেন সাকিব। পুজারাকে এলবিডব্লিউর ফাদেঁ ফেলার পর ঋদ্ধিমানকে বোল্ড করেন এই বাঁহাতি স্পিনার।
৮৯/৫ থেকে ৯৭/৮ এ পরিণত ভারতের স্কোর ১১৯ পর্যন্ত নিয়ে যাওয়ার কৃতিত্ব স্টুয়ার্ট বিনির। প্রথম বলেই জোরালো আবেদন থেকে বেঁচে যাওয়া এই অলরাউন্ডার অপরাজিত ছিলেন ২৫ রানে।
২৭ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার সাকিব। দুই তরুণ পেসার তাসকিন ও আল-আমিন নেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৩৪.২ ওভারে ১১৯/৯ (উথাপ্পা ৫, রাহানে ৩, পুজারা ২৭, রাইডু ১, তিওয়ারি ২, রায়না ২৫, ঋদ্ধিমান ১৬, বিনি ২৫*, প্যাটেল ১, মোহিত ১, উমেশ ০*; সাকিব ৩/২৭, তাসকিন ২/১৫, আল-আমিন ২/২৩, সোহাগ ১/৭, মাশরাফি ১/২৫)
