বছরের প্রথম জয়ের প্রত্যাশা বাংলাদেশের
চলতি বছরে ওয়ানডেতে কোনো জয় পায়নি বাংলাদেশ। ব্যর্থতার বৃত্ত ভাঙার ম্যাচে দলটির প্রতিপক্ষ ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। খেলা শুরু হবে বেলা ১টায়।
চলতি বছরে ওয়ানডেতে কোনো জয় পায়নি বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হারার পর এশিয়া কাপেও চারটি ম্যাচে হারে মুশফিকুর রহিমের দল। এর মধ্যে রয়েছে আফগানিস্তানের কাছে লজ্জাজনক হারও।
ভারতের দল ঘোষণার পরপরই বিস্ময় প্রকাশ করেছিলেন বাংলাদেশের অধিনায়ক। প্রতিপক্ষ সিরিজটা এতো হালকা করে দেখবে ভাবতেও পারেননি তিনি।
অতিথি দলের সব বোলার মিলিয়ে এ পর্যন্ত খেলেছে মাত্র ৮৭টি ওয়ানডে। বিপরীতে বাংলাদেশের আব্দুর রাজ্জাক একাই খেলেছেন দেড়শ' ওয়ানডে। চোটের কারণে বারবার মাঠের বাইরে চলে যেতে হলেও মাশরাফি বিন মুর্তজা খেলেছেন ১৩৩ ম্যাচ।
ব্যাটিংয়েও একই চিত্র। অধিনায়ক সুরেশ রায়না ছাড়া ভারতের আর কারো ৪০টি ওয়ানডে খেলারও অভিজ্ঞতা নেই।
সাকিব, রাজ্জাক, সোহাগ গাজী, মাহমুদুল্লাহ রিয়াদে গড়া স্পিন বোলিং আক্রমণ অধিনায়কের অন্যতম ভরসার জায়গা। নতুন বলে মাশরাফিকে সঙ্গ দিতে প্রস্তুত দুই তরুণ পেসার আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদ।
টানা হারের বৃত্ত ভাঙতে চান জানিয়ে মুশফিক বলেন, “এই সিরিজকে চাপ হিসেবে নিচ্ছি না, এটা আমাদের জন্য অনুপ্রেরণা আর চ্যালেঞ্জ। সব ঠিক থাকলে তিন ম্যাচেই জেতার সামর্থ্য আমাদের রয়েছে।”
“ওদের কয়েক জন ‘ম্যাচ উইনার’ ক্রিকেটার আছে, যে কোনো ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তাদের নিয়ে আমাদের বেশি কিছু পরিকল্পনা রয়েছে।”
