সুযোগ কাজে লাগাতে চান রায়না
নিয়মিত খেলোয়াড়দের অনুপস্থিতিতে তরুণ একটি দল নিয়ে বাংলাদেশে এসেছে ভারত। তারপরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের প্রত্যাশা অতিথি দলের অধিনায়ক সুরেশ রায়নার।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। তার আগে সংবাদ সম্মেলনে রায়না বলেন, “আমার মনে হয়, আকর্ষণীয় সিরিজ হতে যাচ্ছে। দুই দলেই তরুণ খেলোয়াড়রা খেলবেন। আমরা সিরিজের দিকে সাগ্রহে তাকিয়ে আছি।”
“কিছুদিন পরই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেয়া হয়েছে। তাই কয়েকজন তরুণ খেলোয়াড় সুযোগ পেয়েছেন। আর তাদের সবাই এই সিরিজে ভালো করতে মুখিয়ে আছে।”
রায়না মনে করেন, ছন্দে থাকা ক্রিকেটারদের উপস্থিতিতে তার দলটি যথেষ্ট শক্তিশালী।
“দলে সুযোগ পাওয়া সবাই আইপিএলে ভালো খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটেও পারফর্ম করে এসেছেন। ইংল্যান্ড সিরিজ ও বিশ্বকাপের আগে এই সিরিজে ভালো কিছু করতে সবাই প্রত্যয়ী।”
“আমরা নিজেদের খেলা নিয়ে ভাবছি। প্রতিপক্ষকে নিয়ে বেশি ভাবার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাঠে ভালো পারফর্ম করা।”
