২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সিরিজেই নতুন শুরুর প্রত্যয় মুশফিকের

ওয়ানডেতে টানা সাত হারের পর জয়ে ফিরতে মরিয়া বাংলাদেশ। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যর্থতার বৃত্ত ভাঙার প্রত্যয়ই মুশফিকুর রহিমের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 08:36 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। তার আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মুশফিক জানান, কালকের ম্যাচ দিয়েই তাদের ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু হবে। তার বিশ্বাস, শুরুটা ভালো হলে অতিথিরাই চাপে থাকবে।

চলতি বছর ওয়ানডেতে কোনো জয় পায়নি বাংলাদেশ। মুশফিক জানান, নিজেদের ফিরে পেতে তারা মরিয়া।

“কালকের ম্যাচে আমাদের শারীরিক ভাষা অন্যরকম হবে, আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন। এর মধ্যে কয়েকটি জেতা ম্যাচ হেরেছি, সেই কষ্টটা এখনো আছে। আমাদের চেষ্টা থাকবে এই সিরিজে যেন তেমন কিছু না ঘটে।”

গত বছর নিজেদের শেষ সিরিজে নিউ জিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারানো বাংলাদেশ হঠাৎ করেই ছন্দ হারিয়ে ফেলে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের সব ম্যাচ হারার পর এশিয়া কাপেও কোনো জয় পায়নি। সেই টুর্নামেন্টে আফগানিস্তানের কাছেও হারে বাংলাদেশ।

সেই সব ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন করে শুরু করতে চান মুশফিক।

“ভালো করার জন্য দলের সবাই ক্ষুধার্থ। সবাই কঠোর পরিশ্রম করছে। আমরা জানি, আমাদের আরো ভাল করার সামর্থ্য রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে কিছু ম্যাচে আমরা জিততেই পারতাম। সেগুলো আমাদের পক্ষে না এলেও আমরা অনেক কিছুই শিখেছি। ওয়ানডেতে পুরো ১০০ ওভার হিসেব করেই খেলতে হবে।”

মনোবিদের ক্লাস আর নতুন কোচিং স্টাফ সব কিছুই নতুন করে শুরুর অনুপ্রেরণা যোগাচ্ছে বাংলাদেশের অধিনায়ককে।

ভারতের দলটিকে সমীহ করলেও অভিজ্ঞতার বিচারে নিজেদেরকেই এগিয়ে রাখছেন মুশফিক।

“অবশ্যই তাদের চেয়ে আমাদের অভিজ্ঞতা অনেক বেশি। তবে ওরাও উপমহাদেশের খেলোয়াড়, এমন কন্ডিশনে খেলেই বড় হয়েছে। সেদিক থেকে এটা খুব চ্যালেঞ্জিং সিরিজ হবে। নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে জয় পাওয়া অসম্ভব নয়।”