২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জিল্যান্ডের বড় সংগ্রহে নিশামের রেকর্ড

কেন উইলিয়ামসনের পর জেমস নিশামের শতকে জ্যামাইকা টেস্টে সুদৃঢ় অবস্থানে রয়েছে নিউ জিল্যান্ড। অতিথিরা ৭ উইকেটে ৫০৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করার পর দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ বিনা উইকেটে ১৯ রান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 08:45 AM

Updated : 13 Oct 2022, 12:12 PM

নিউ জিল্যান্ডের একমাত্র ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে শতকে পৌঁছানোর কৃতিত্ব দেখালেন অলরাউন্ডার নিশাম। গত ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকে অপরাজিত ১৩৭ রানের চমৎকার ইনিংস খেলেছিলেন তিনি।

সোমবার কিংস্টনের স্যাবিনা পার্কে ষষ্ঠ উইকেটে বিজে ওয়াটলিংয়ের (৮৯) সঙ্গে ৬১.৪ ওভারে ২০১ রানের জুটি উপহার দেয়ার পথে নিশামের ব্যাট থেকে আসে ১০৭ রানের আরেকটি অনবদ্য ইনিংস।

২ উইকেটে ২৪০ রান নিয়ে দিনের খেলা শুরু করা অতিথিরা কোনো উইকেট না হারিয়ে ২৫৯ রানে পৌঁছায়। এরপরই আঘাত, মাত্র ২০ রান যোগ করতেই বিদায় নেন দলে সেরা তিন ব্যাটসম্যান।

আগের দিন শতকে পৌঁছানো উইলিয়ামসন (১১৩) এদিন নিজের ইনিংস খুব একটা বড় করতে পারেননি। দ্বিতীয় দিন তার অবদান মাত্র ৮ রান। সুলিমান বেনের বল ছেড়ে দিয়ে বোল্ড হন এই ডানহাতি ব্যাটসম্যান।

৩৪ রান নিয়ে দিন শুরু করা রস টেইলর (৫৫) ফেরেন অর্ধশতকে পৌঁছানোর পর। এরপর অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামও (৭) দ্রুত বিদায় নিলে অতিথিদের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ২৭৯ রান।

সেখান থেকে দলকে ৫ উইকেটে ৪৮০ রান পর্যন্ত নিয়ে যান নিশাম-ওয়াটলিং। বেনের তৃতীয় শিকারে পরিণত হওয়া নিশামের ১৭১ বলেল ইনিংসে ছিল ১১টি চার ও ২টি ছক্কা। দলের সংগ্রহ পাঁচশ’ পার হওয়ার পর ওয়াটলিং বিদায় নিলে ইনিংস ঘোষণা করেন ম্যাককালাম।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বেন ও শেন শিলিংফোর্ড তিনটি করে উইকেট নেন।

জবাবে ৯ ওভার ব্যাট করে কোনো উইকেট হারায়নি ওয়েস্ট ইন্ডিজ। শততম টেস্ট খেলতে নামা ক্রিস গেইল ৮ ও কাইরন পাওয়েল ১১ রানে ব্যাট করছেন।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ৫০৮/৭ ইনিংস ঘোষণা (ল্যাথাম ৮৩, ফুলটন ১, উইলিয়ামসন ১১৩, টেইলর ৫৫, ম্যাককালাম ৭, নিশাম ১০৭, ওয়াটলিং ৮৯, সাউদি ২১*; বেন ৩/১৪২, শিলিংফোর্ড ৩/১৪৫, টেইলর ১/৩৭)

ওয়েস্ট ইন্ডিজ: ১৯/০ (গেইল ৮*, পাওয়েল ১১*)