২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডিজে ‘এ’ দলের বড় ব্যবধানে হার

ব্যাটিং ও বোলিং ব্যর্থতায় বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজ পাই পারফরম্যান্স স্কোয়াডের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। স্বাগতিকদের ১১৭ রানের জয়ে বড় অবদান অপরাজিত ১৩২ রানের আক্রমণাত্মক ইনিংস খেলা অন্দ্রে রাসেলের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 09:26 AM

Updated : 13 Oct 2022, 12:12 PM

তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। মঙ্গলবার হবে দ্বিতীয় ওয়ানডে।

রোববার ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩২৭ রান করে হাই পারফরম্যান্স সেন্টার।

দ্বিতীয় ওভারেই ‘এ’ দলকে সাফল্য এনে দেন পেসার শফিউল ইসলাম। নক্রমাহ বোনারকে বোল্ড করার পর অষ্টম ওভারে চার দিনের ম্যাচের সিরিজের সেরা খেলোয়াড় জেমেরাইন ব্ল্যাকউডকেও ফেরান শফিউল।

পঞ্চম ওভারে জনসন চার্লসকে ফরহাদ রেজা ও ১৫তম ওভারে মুক্তার আলী জোনাথন কার্টারকে ফিরিয়ে দিলে বিপদে পড়ে স্বাগতিকরা।

৪৯ রানে ৪ উইকেট হারানো স্বাগতিকদের ৩৩ ওভার শেষে ৫ উইকেটে ১৪০ রানে পৌঁছে দেন লিয়ন জনসন (৬৭) ও চ্যাডউইক ওয়ালটন (৬১)। তাদের ৯১ রানের জুটি ভাঙার পর ক্রিজে আসেন রাসেল।

রাসেলের ‘ঝড়ো’ ইনিংসে শেষ ১৭ ওভারে ১৮৭ রান তুলে হাই পারফরম্যান্স সেন্টার। ম্যাচ সেরা রাসেলের ৫৬ বলের ইনিংসটি সাজানো ১৩টি ছক্কা ও ৭টি চারে। এ রান করার পথে অষ্টম উইকেটে অ্যাশলি নার্সের সঙ্গে মাত্র ৪০ বলে ৯৫ রানের জুটি গড়েন তিনি।

৩৭ রানে ৩ উইকেট নিয়ে ‘এ’ দলের সেরা বোলার শফিউল ইসলাম।

জবাবে ৪১ ওভার ২ বলে ২১০ রানে অলআউট হয়ে যায় ‘এ’ দল।

সর্বোচ্চ ৫১ রান করেন শুভাগত হোম চৌধুরী। তার ৫১ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কা।

‘এ’ দলের প্রথম সাত ব্যাটসম্যানের ছয় জনই দুই অঙ্কে পৌঁছালেও কেউই নিজের ইনিংস বড় করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে ইমরুল কায়েসের ব্যাট থেকে। মার্শাল আইয়ুব করেন ৩০ রান।

২৬ ওভার শেষে অতিথিদের স্কোর ছিল ১৪৬/৩। পরের ব্যাটসম্যানের ব্যর্থতায় ৬৪ রান যোগ করতেই শেষ ৭ উইকেট হরিয়ে বড় হার এড়াতে পারেনি ‘এ’ দল।

স্বাগতিকদের পক্ষে কার্লোস ব্রেথওয়েইট ও নার্স তিনটি করে উইকেট নেন।