আরেকটি বড় পরাজয়ের শঙ্কায় ‘এ’ দল
ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স সেন্টারের বিপক্ষে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচেও পরাজয়ের শঙ্কায় আছে বাংলাদেশ ‘এ’ দল।
জয়ের জন্য শেষ দিনে ৪৫৮ রান প্রয়োজন বাংলাদেশ ‘এ’ দলের। প্রথম ম্যাচে ৩৫১ রানে হারা অতিথিদের হাতে আছে ৭ উইকেট।
প্রথম ইনিংসে ৩৫৪ রানে অলআউট হওয়া হাই পারফরম্যান্স সেন্টার দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৫ উইকেটে ৩৫৪ রানে।
বুধবার বার্বাডোজে ৪৯০ রানের প্রায় অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ঘণ্টায় ৩২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছে ‘এ’ দল।
শামসুর রহমান (৯), মার্শাল আইয়ুব (০) ও ইলিয়াস সানি (৪) বিদায় নিয়েছেন। ইমরুল কায়েস ১৪ ও মুমিনুল হক ০ রানে ব্যাট করছেন।
এর আগে ব্রিজটাউনের কেনসিংটন ওভালে বিনা উইকেটে ২৪ রান নিয়ে খেলা শুরু করে স্বাগতিক দল। শুরুতেই চ্যাডউইক ওয়ালটনকে বিদায় করে দলকে সাফল্য এনে দেন তাইজুল ইসলাম।
তবে দ্বিতীয় উইকেটে আসাদ ফুদাদিনের সঙ্গে ২০৭ রানের বিশাল জুটি গড়ে ম্যাচ পুরোপুরি স্বাগতিকদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় জেরমেইন ব্লেকউড।
শুভাগত হোম চৌধুরীরর বলে স্ট্যাম্পিং হয়ে ফেরার আগে ১৪৭ রান করেন তিনি। তার ১৮১ বলের ইনিংসে ছিল ১২টি চার ও ৫টি ছক্কা।
তৃতীয় উইকেটে লিওন জনসনের (অপরাজিত ৬৩) সঙ্গে ৭৭ রানের আরেকটি ভালো জুটি গড়েন ফুদাদিন (৮৯)।
দলের সংগ্রহ সাড়ে তিনশ' পার হওয়ার পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। মাত্র ১০ ওভার বোলিংয়ের সুযোগ পেলেও এর মধ্যেই ৩ ব্যাটসম্যানকে বিদায় করে আরেকটি বড় জয়ের সম্ভাবনা জাগিয়েছে তারা।
প্রথম চার দিনের ম্যাচ ৩৫১ রানে হেরেছিল বাংলাদেশ ‘এ’ দল।
