২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক আমলা

হাশিম আমলাকে টেস্ট দলের দায়িত্ব দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দলটির সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথের স্থলাভিষিক্ত হবেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 07:41 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

আমলা হলেন দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ স্থায়ী টেস্ট অধিনায়ক।

অধিনায়ক হিসেবে আমলার প্রথম সফর শ্রীলঙ্কায়। আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা।

১৬ জুন থেকে প্রথম ও ২৪ জুন থেকে দ্বিতীয় টেস্ট শুরু হবে।

মঙ্গলবার ঘোষিত ১৪ সদস্যের টেস্ট দলে ডাক পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের দুই নতুন মুখ ডেন পিট ও স্টিয়ান ফন সিল।

২০০৩ সালে মাত্র ২২ বছর বয়সে জাতীয় দলের অধিনায়ক হয়েছিলেন স্মিথ। এরপর প্রায় এক যুগ সফতার সঙ্গে ওই দায়িত্ব পালনের পর গত মার্চে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন স্মিথ।

তারপর থেকেই নতুন টেস্ট অধিনায়কের সন্ধানে ছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। শুরুতে ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের নাম শোনা গেলেও আমলাকেই বেছে নিল তারা।

টেস্ট দলকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি ওয়ানডেতে ডি ভিলিয়ার্সের সহকারীর ভুমিকাতেও থাকবেন আমলা।

এছাড়া, এদিন ওয়ানডে দলও ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা সফরে তিনটি ওয়ানডে খেলবে তারা। ৬, ৯ ও ১২ জুলাই হবে তিনটি ওয়ানডে।

১৫ সদস্যের ওয়ানডে দলে আছেন জ্যাক ক্যালিস। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার লক্ষ্য এই অলরাউন্ডারের।

দক্ষিণ আফ্রিকা টেস্ট দল: আলভিরো পিটারসেন, ডিন এলগার, হাশিম আমলা (অধিনায়ক), ফাফ দু প্লেসি, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, স্টিয়ান ফন সিল, ভারনন ফিল্যান্ডার, মরনে মরকেল, ডেল স্টেইন, ইমরান তাহির, কাইল আবোট, কুইনটন ডি কক, ডেন পিট।

দক্ষিন আফ্রিকা ওয়ানডে দল: হাশিম আমলা (সহ-অধিনায়ক), কুইনটন ডি কক, জ্যাক ক্যালিস, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, ওয়েইন পারনেল, রায়ান ম্যাকলারেন, ডেল স্টেইন, মরনে মরকেল, ইমরান তাহির, ভারনন ফিল্যান্ডার, ফাফ দু প্লেসি, অ্যারন ফাঙ্গিসো, বিউরান হেনড্রিক্স।