প্রাইম দোলেশ্বরে মুশফিক
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে খেলবেন মুশফিকুর রহিম। শেখ জামাল ধানমণ্ডি ক্লাব থেকে দোলেশ্বরে যোগ দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।
দোলেশ্বরে যোগ দিয়ে রোববার এক সংবাদ সম্মেলনে মুশফিক জানান, দুবার অল্পের জন্য লিগ শিরোপা হাতছাড়া হওয়ায় ভীষণ হতাশ তিনি। এবার আরাধ্য লিগ শিরোপা জিততে চান তিনি।
“বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে মর্যাদাপূর্ণ লিগ হল প্রিমিয়ার লিগ। দুবার রানার্সআপ হয়েছিলাম তাই অতৃপ্তি অবশ্যই আছে। এবার দল হিসেবে হিসেবে ভালো খেলতে পারলে আশা করি শিরোপা জিততে পারবো।”
গত মৌসুমে ‘প্লেয়ার বাই চয়েজ’ পদ্ধতিতে লিগের দল বদল হয়েছিল। এবার আবার পুরানো নিয়েমে হবে দল বদল। স্বাভাবিকভাবে খুশি বাংলাদেশের অধিনায়ক। তবে দোলেশ্বরে আসতে পেরে আরো বেশি উচ্ছ্বসিত তিনি।
