২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদিনের প্রত্যাশায় মাহমুদুল্লাহ

ছন্দে ফিরতে কঠোর পরিশ্রম করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়কে পেছনে ফেলে ফিনিশারের ভূমিকায় ফিরতে চান এই অলরাউন্ডার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 05:39 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মাহমুদুল্লাহ বলেন, “গত তিন-চার মাস ভালো করতে পারিনি। ছন্দে ফেরার চেষ্টা করছি। নেটে ব্যাট করছি। কোচের সঙ্গে আলাপ করছি। টিমমেটদের সঙ্গে কথা বলছি। বিসিএলে শেষ ম্যাচে ভালো করেছি, আশা করি এই সিরিজে ভালো কিছু করতে পারবো।”

মাহমুদুল্লাহ জানান, সাত নম্বরে ব্যাট করা ভীষণ কঠিন ব্যাপার। কেন কঠিন তার ব্যাখ্যাও দিলেন তিনি।

“সাত নম্বরে এমন পরিস্থিতিতে পড়তে হয় যখন গিয়েই মারতে হয়। আমি এমন না, যে গিয়েই ছক্কা, চার মারতে পরবো। আমি হয়তো সেটা করতে পারছিলাম না।”

ক্যারিয়ারে এতো বাজে সময় কখনো আসেনি মাহমুদুল্লাহর। বাজে সময়ে পড়ে অনেক কিছুই শিখতে পেরেছেন তিনি।

“এই জায়গা থেকে বের হতে নেটে আরো সময় কাটাচ্ছি। অতিরিক্ত ব্যাটিং করছি। প্রসেস অনুযায়ী সব কিছু ঠিকঠাক ভাবে করার চেষ্টা করছি।”

চলতি বছরে ওয়ানডেতে এখনো কোনো জয় পায়নি বাংলাদেশ। মাহমুদুল্লাহ জানান দলের সবাই জয়ের জন্য ক্ষুধার্থ। তবে মুখে বলে নয়, মাঠে কাজ করে তার প্রমাণ দিতে চান তিনি।

১৫. ১৭ ও ১৯ জুনের তিন ওয়ানডের জন্য ঘোষিত ভারত দল নিয়ে নয় নিজেদের খেলা নিয়েই ভাবছেন সাবেক এই সহ-অধিনায়ক।

“ওরা কি দল নিয়ে এলো সেটা নিয়ে আমাদের ভাবলে হবে না। মাঠে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। নিজেদের কাজ আমাদের ঠিকঠাক করতে হবে। ব্যক্তিগত এবং দলীয় সব দিক থেকে।”

ভারত সফরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন মাহমুদুল্লাহ। ভারতের দলটিকে তাদের সম্ভাব্য সেরা দল হিসেবেই দেখতে চান তিনি।

“ওদের দলটি ভালো। কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিলেও ওরা হয়তো ওদের সম্ভাব্য সেরা দলই পাঠিয়েছে। শেষ কয়েকটি ম্যাচ আমরা ভালো করতে না পারলেও এই আত্মবিশ্বাস আছে, নিজেদের সেরাটা খেলতে পারলে যে কাউকে হরাতে পারবো।”