২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের ক্রিকেটে গুলশান ইয়ুথের জয়

মেট্রোপলিটন মহিলা ক্রিকেট লিগে জয় পেয়েছে গুলশান ইয়ুথ ক্লাব, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ও জহুরুল ইসলাম সিটি ক্রিকেটে ক্লাব।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 05:32 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

শুক্রবার গুলশান ইয়ুথ ১১৫ রানে হারিয়েছে আরবার স্পোর্টস ও কালচারাল ডিভলপমেন্টকে। খেলাঘরের কাছে ৮৮ রানে হেরেছে ইন্দিরা রোড ক্রীড়া চক্র। আর ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে দীপালি যুব সংঘকে ৯ উইকেটে হারিয়েছে সিটি ক্রিকেট ক্লাব।

গুলশান ইয়ুথ-আরবান স্পোর্টস

বিকেএসপির চার নম্বর মাঠে বৃষ্টির কারণে ১৮ ওভারে নেমে আসা ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৪০ রান করে গুলশান ইয়ুথ।

সর্বোচ্চ ৫৩ রান করেন মাহমুদা খান। অধিনায়ক ফারজানা হকের ব্যাট থেকে আসে ২১ রান।

আরবান স্পোর্টসের পক্ষে রেখা আক্তার ও তাসনোভা তামান্না দুটি করে উইকেট নেন।

জবাবে মাত্র ৮ উইকেটে ২৫ রানের বেশি করতে পারেনি আরবান স্পোর্টস।

কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেনি। সর্বোচ্চ ১১ রান আসে অতিরিক্ত খাত থেকে।

মাত্র ৩ রানে ৫ উইকেট নিয়ে বৃষ্টি রায় গুলশান ইয়ুথের সেরা বোলার।

খেলাঘর-ইন্দিরা রোড

বিকেএসপির তিন নম্বর মাঠে বৃষ্টির কারণে ১৮ ওভারে নেমে আসা ম্যাটে টস জিতে ব্যাট করতে নেমে ১ উইকেটে ১২৬ রান করে খেলাঘর।

সর্বোচ্চ ৬০ রানে অপরাজিত থাকেন সানজিদা ইসলাম। তার সঙ্গে ৯১ রানের উদ্বোধনী জুটি গড়া আসফিয়া আলমের ব্যাট থেকে আসে ২৪ রান।

জবাবে ৮ উইকেট হারিয়ে ৩৮ রানে থেমে যায় ইন্দিরা রোডের ইনিংস।

দুই অঙ্কে পৌঁছান কেবল ফারহানা সুলতানা (১৪) ও মুরশিদা নাজনীন (১২)।

খেলাঘরের পক্ষে দুটি করে উইকেট নেন তাসলিমা শিমু, তৃপ্তি মণ্ডল ও সোহেলি আক্তার।

দিপালী-সিটি ক্রিকেট ক্লাব

ধানমণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার পর বৃষ্টির বাধায় পড়ে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৬ ওভারে।

টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৫৪ রান করে দিপালী।

সর্বোচ্চ ২০ রান করেন নুপুর। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ আসে অতিরিক্ত থেকে।

সিটি ক্রিকেট ক্লাবের পক্ষে ঝুমুর ৪ উইকেট নেন ১৫ রানে।

ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জয়ের জন্য সিটি ক্রিকেট ক্লাবের লক্ষ্য দাঁড়ায় ৭১ রান। ১১ ওভারে ১ উইকেট হারিয়েই সেই লক্ষ্যে পৌঁছে যায় দলটি।

শায়লা শারমীন ৩৪ ও অধিনায়ক শারমীন আক্তার সুপ্তা ২৪ রানে অপরাজিত থকেন।