২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের দল দেখে হতাশ মুশফিক

চলতি বছর এখনো কোনো ম্যাচ জিতেনি বাংলাদেশ। এশিয়া কাপেও ভারতের কাছে হেরেছিল স্বাগতিকরা। জয়ে ফিরতে মরিয়া হলেও সামনের সিরিজে ভারতের দ্বিতীয় সারির দল দেখে একটু হতাশই বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 06:54 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

পুরনো খবর:

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না রায়না
বাংলাদেশ সফরে ভারত অধিনায়ক রায়না

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিক বলেন, “ওদের দল দেখে ঠিক ‘আপসেট’ না তবে এত হালকাভাবে নেবে সেটা আশা করিনি। আশা করি, জবাবটা মাঠেই দেব। সেটার চেয়ে ভালো কিছু আর হবে না।”

বাংলাদেশের বিপক্ষে ১৫, ১৭ ও ১৯ জুন তিন ওয়ানডের জন্য গত বুধবার সুরেশ রায়নার নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত।

নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামিদের বিশ্রাম দিয়েছে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা।

টেস্ট মর্যাদার ১৪ বছর হতে চললেও এখনো ভারত সফরে যেতে পারেনি বাংলাদেশ। এই সিরিজে খুব ভালো করে প্রতিবেশী দেশটিকে একটি বার্তা দিতে চান মুশফিক।

নিয়মিত অনেক সদস্য না এলেও ভারতকে দুর্বল ভাবছেন না মুশফিক।

“আইপিএলে যারা খুব ভালো করেছে তাদের নিয়েই দল গড়া হয়েছে। ওদের দলটি তরুণ হলেও ভারসাম্যপূর্ণ। আইপিএলে খেলা দেখেছি, ওরা একদম অচেনা নয়। বিপক্ষে না খেললেও একটা ধারণা তৈরি হয়েছে। আর সাকিব (আল হাসান) তো সবার বিপক্ষেই খেলেছে। ওর কাছ থেকেও কিছু ধারণা নেব।”

তবে প্রতিপক্ষ নয়, আপাতত নিজেদের খেলা নিয়েই ভাবছেন মুশফিক।

“প্রতিপক্ষ নয়, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেদের সেরা ক্রিকেটটা খেলা। গত ২-৩ মাস আমরা অনেক ভুগেছি। গত কয়েক মাসে কিছু ভুল আমরা করেছি। হয়ত ছোটখাটো ভুল, সেসব ঠিক করতে হবে।”

তারকা ক্রিকেটারদের অনুপস্থিতি মুশফিকের জন্য বাড়তি সুযোগ নয়। বরং তিন ম্যাচের সিরিজকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।

“ওরা সেরা দল এলেও যে সুযোগ থাকতো না তা নয়। ওদের সেরা দলকেও আমরা হারিয়েছি। এবার হারলে কিন্তু ভারতই হারবে, ভারত ‘এ’ দল হারবে না। ওদের ওপরও তাই চাপ থাকবে।”

বৃহস্পতিবার থেকে প্রস্তুতি শুরু করেছেন বাংলাদেশের অধিনায়ক। জানান, আগের চেয়ে এখন ভালো আছেন। নেটে ১ ঘণ্টা ব্যাটিং করেছেন দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল বিধ্বস্ত হলেও মুশফিক আশাবাদী পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে নাসির হোসেনরা।

“ওদের খেলার খোঁজ অবশ্যই রাখছি। চিন্তিত বলব না, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে শুরুতেই ভালো করা সহজ নয়। আশা করি, ওরা দ্রুত ঘুরে দাঁড়াবে। সামনে জাতীয় দলের খেলা আছে। জাতীয় দলের অনেক ক্রিকেটার আছে ওখানে। আশা করি, পরের ম্যাচে ওরা ভালো করবে।”