বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না রায়না
বাংলাদেশ সিরিজকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ভারতের অধিনায়ক সুরেশ রায়না।
চলতি বছরে এখনো কোনো ওয়ানডে জিততে পারেনি বাংলাদেশ। এশিয়া কাপে আফগানিস্তানের কাছে হারের লজ্জায়ও পড়তে হয়েছে তাদের। তারপরও বাংলাদেশকে সমীহ রায়নার।
পিটিআইকে রায়না বলেন, “দেশের মাটিতে বাংলাদেশ ভালো দল। আমরা (বাংলাদেশে) এশিয়া কাপ জিততে পারিনি আর (টি-টোয়েন্টি) বিশ্বকাপের ফাইনালে হেরেছি। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে।”
“এটি তরুণ একটি দল। তবে ভালো ব্যাপার হচ্ছে, সবাই ভালো করছে। বাঁহাতি (স্পিনার) অক্ষর প্যাটেল ভালো করছেন। (অম্বাতি) রাইডু, মনোজ তিওয়ারি ও (ঋদ্ধিমান) সাহা ভালো করছেন। বিশেষ করে রবিন উথাপ্পা, চলমান আইপিএলে তার পারফরম্যান্স চমৎকার।”
তবে বাংলাদশ সফরে দলকে নেতৃত্ব দেয়া নয়, আপাতত আইপিএল নিয়েই ভাবছেন চেন্নাই সুপার কিংসের রায়না।
“আমি পরের দুটি ম্যাচ নিয়ে ভাবছি (আইপিএলে)। এরপর ১০-১২ দিন সময় পাবো পরিকল্পনা করার।”
