২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকবার ফেরার লড়াই মাশরাফির

চোটের সঙ্গে লড়াই করে ফেরা মাশরাফি বিন মুর্তজার জন্য নতুন কিছু নয়। ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে আবার ফেরার লড়াইয়ে জয়ী হওয়ার প্রত্যয় তার কণ্ঠে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 08:40 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের মাশরাফি বলেন, “পুরো ক্যারিয়ার ধরেই এটা আমার সঙ্গে হয়ে আসছে তাই এ নিয়ে আর মন খারাপ করি না। ফেরার লড়াইয়ে খেলার স্পৃহা কতটা এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আর এই জন্যই বিশ্রামের পর আবার ফেরার লড়াই শুরু করেছি।”

চোটের কারণে মাঝপথেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল মাশরাফির। আগের চেয়ে এখন অনেক ভালো আছেন এই পেসার। কেবল মাঠে ফেরা নয় ভালো খেলাটাও সমান গুরুত্ব পাচ্ছে তার কাছে।

মাশরাফির কাছে চোট মানে নিজের সঙ্গে লড়াই করা। তাই শারীরিক প্রচেষ্টার চেয়েও বেশি চাই মনের জোর। চোট থেকে প্রতিবারই নতুন করে সব শুরু করতে হয় সাবেক এই অধিনায়কের।

“চোটে পড়লে সবারই মন খারাপ হয়। অনুশীলন শুরুর আগে মানসিক জোরটা বেশি গুরুত্বপূর্ণ।”

ফিটনেস, দক্ষতা আর মানসিক জোর ছাড়া ক্রিকেটে সাফল্য পাওয়া সম্ভব নয়। এই তিনের মধ্যে মানসিক জোরকেই এগিয়ে রাখছেন মাশরাফি।

“আমার মনে হয় পৃথিবীর সেরা ব্যাটসম্যান বা বোলাররা ৭০ শতাংশ খেলে ফেলেন মানসিক জোর দিয়ে। আর এই জায়গায় উন্নতির অনেক বাকি আছে। মানসিক দৃঢ়তা অনেক বেশি বলে সাকিব (আল হাসান) বিশ্বের সব জায়গায় ভালো করছে। আমাদের পারফরম্যান্স উঠা নামায় মানসিক সমস্যার দায়ই সবচেয়ে বেশি।”

ব্যাটিং সহায়ক উইকেট আর মাত্র চারজন ফিল্ডার ৩০ গজের বাইরে রাখায় পেসারদের জন্য কাজটা অনেক কঠিন হয়ে গেছে। বোলারদের দক্ষতা বাড়ানোর তাই বিকল্প নেই বলে মনে করেন মাশরাফি।

“নিজস্ব কিছু বের করতেই হবে নয়তো টিকে থাকা যাবে না। আপনার একান্তই নিজস্ব এমন কিছু থাকতে হবে।”

বিশ্বকাপে মাশরাফির বিকল্প হিসেবে এসে চমৎকার খেলেছেন তাসিকন আহমেদ। তরুণ এই পেসারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মাশরাফি।

“খুবই সম্ভাবনাময় এই পেসার। ওকে চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে। এখানে পেসারদের কেউ ‘ব্যাকআপ’ করে না। সব সময় স্পিনারদের সবাই ‘ব্যাকআপ’ করে। আশা করি ওর পেছনে একজন থাকবে যে তাকে ‘ব্যাকআপ করবে’। আশা করি, অন্তত দশ বছর ওর ‘সার্ভিস’ পাবে বাংলাদেশ।”