ইমরানের লক্ষ্য আত্মবিশ্বাস ফেরানো
ক্রিকেট দলের সহকারী কোচ সারোয়ার ইমরান মনে করেন, আত্মবিশ্বাস ফেরানো গেলেই স্বরূপে ফিরবে বাংলাদেশ।
সোমবার ভারতের বিপক্ষে দেশের মাটিতে তিন ম্যাচের সিরিজের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। প্রথম দিনের অনুশীলন শেষে ইমরান বলেন, “ছয় মাস আগেও আমাদের আত্মবিশ্বাস ছিল, আমরা যে কাউকে হারাতে পারি। শেষ দুটি সিরিজে ছেলেরা সেখান থেকে একটু সরে এসেছে।”
আসন্ন সিরিজের আগে ইমরানের লক্ষ্য তাই শিষ্যদের আত্মবিশ্বাস ফেরানো।
“আমাদের কাজ হবে এটি তৈরি করা। ভারতকে হারাতে পারি এই আত্মবিশ্বাস যেন ওদের ফেরত আসে। এটা করতে পারলেই আমাদের অনেক কাজ হয়ে যাবে।”
“এই কাজটা খুবই কঠিন হবে জানি তবুও সম্ভব। ভারতকে আমরা আগেও হারিয়েছি। আমরা যদি এভাবে খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে পারি বা ওরা যদি অনুপ্রাণিত হয়, তাহলে এটা বেশি সময়ের ব্যাপার না; এটা খুব কম সময়ের ব্যাপার।”
ইমরান মনে করেন, তামিম ইকবাল, নাসির হোসেন ও মাহমুদুল্লাহ রিয়াদ রানে ফিরলে বাংলাদেশ দলও ছন্দে ফিরবে।
“উপরে তামিম রান পাচ্ছিল না; আর দুই ফিনিশার নাসির হোসেন ও মাহমুদুল্লাহ রিয়াদ ছিল নিষ্প্রভ। তিনজন পারফরম করেনি, তাই পুরো দলের ছবিটা খুব খারাপ লাগছে। এরা সেরা ছন্দে ফিরলে দলটা মোটামুটি ভালো হয়ে যাবে।”
“দুটি সিরিজে তামিমের বাজে সময় গেছে। টেকনিক্যাল কিছু সমস্যা ছিল। খুব তাড়াতাড়ি হিট করতে চাইতো। আমার মনে হয়, ওয়ানডে ক্রিকেটে স্বরূপেই দেখা যাবে ওকে।”
ভারতের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলের পাঁচ ক্রিকেটার বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর করছেন। আইপিএলে খেলছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এর বাইরে প্রথম দিন অনুপস্থিত ছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ।
“আমি যত দূর জানি, অধিনায়ক ছুটিতে রয়েছে। মাহমুদুল্লাহ ২ তারিখ নাগাদ চলে আসবে। ক্রিকেটের অনুশীলন শুরু হবে ২৮ তারিখ থেকে। সে দুই দিন মিস করবে।”
