২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডকে বিধ্বস্ত করে সমতা ফেরাল শ্রীলঙ্কা

বোলারদের মারাত্মক বোলিংয়ে দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ১৫৭ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা এনেছে শ্রীলঙ্কা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 02:11 AM

Updated : 13 Oct 2022, 12:08 PM

রোববার চেস্টার-লি-স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৫৬ রান করে শ্রীলঙ্কা।

ম্যাচ সেরা তিলকরত্নে দিলশানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮৮ রান। তার ১০১ বলের ইনিংসে ছিল ৭টি চার। এই রান করার পথে কুমার সাঙ্গাকারার (৪০) সঙ্গে ৯৬ রানের চমৎকার একটি জুটি উপহার দেন দিলশান।

পঞ্চম উইকেটে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে আশনা প্রিয়াঞ্জনের ৬৬ রানের জুটির সুবাদে লড়াই করার মতো সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করা প্রিয়াঞ্জন জেমস অ্যান্ডারসনের আড়াইশতম শিকারে পরিণত হন।

ইংল্যান্ডের পক্ষে হ্যারি গারনে ৩ উইকেট নেন ৫৯ রানে।

জবাবে মাত্র ২৬ ওভার ১ বলে ৯৯ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। সাতটি উইকেট নিজেদের মধ্যে ভাগ করে নেন নুয়ান কুলাসেকারা ও সচিত্রা সেনানায়েকে।

তৃতীয় থেকে টানা তিন ওভারে মাইকেল কারবেরি, ইয়ান বেল (১২) ও গ্যারি ব্যালান্সকে বিদায় করে অতিথিদের ভালো সূচনা এনে দেন কুলাসেকারা। শূন্য রানে লাসিথ মালিঙ্গার শিকারে পরিণত হন জো রুট।

২৯ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে অস্বস্তিতে পড়া ইংল্যান্ড আর খেলায় ফিরতে পারেনি। অধিনায়ক ওয়েন মর্গান করেন সর্বোচ্চ ৪০ রান। দলের নয় ব্যাটসম্যানই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

১৩ রানে ৪ উইকেট নিয়ে সেনানায়েকে শ্রীলঙ্কার সেরা বোলার। কুলাসেকারা ৩ উইকেট নেন ১৫ রানে। বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে হবে তৃতীয় ওয়ানডে। সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা
: ৫০ ওভারে ২৫৬/৮ (থিরিমান্নে ১০, দিলশান ৮৮, সাঙ্গাকারা ৪০, জয়াবর্ধনে ২, ম্যাথিউস ৩০, প্রিয়াঞ্জন ৪৩, চান্দিমাল ১৪, কুলাসেকারা ০, সেনানায়েকে ২*, প্রসাদ ৭*; গারনে ৩/৫৯, অ্যান্ডারসন ২/৩৮, জর্ডান ১/৫৬, ট্রেডওয়েল ১/৫৭) ইংল্যান্ড : ২৬.১ ওভার ৯৯ (কারবেরি ৬, বেল ১২, ব্যালান্স ৫, রুট ০,মর্গান ৪০, বোপারা ৭, বাটলার ৪, জর্ডান ১, ট্রেডওয়েল ৪, অ্যান্ডারসন ৭, গারনে ৪*; সেনানায়েকে ৪/১৩, কুলাসেকারা ৩/১৫, ম্যাথিউস ১/৯, মালিঙ্গা ১/১৭, প্রসাদ ১/৩৬) ম্যাচ সেরা : তিলকরত্নে দিলশান।