ব্রডের শাস্তি দাবি পিসিবির
সাঈদ আজমলের বোলিং অ্যাকশন নিয়ে নেতিবাচক মন্তব্য করায় স্টুয়ার্ট ব্রডের শাস্তি দাবি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়কের বিপক্ষে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছে তারা।
সম্প্রতি আজমলের বোলিংয়ের একটি ছবি পোস্ট করে বোলিং করার সময় বোলারদের হাত সর্বোচ্চ ১৫ ডিগ্রি বাঁকানোর নিয়মটি উল্লেখ করেছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।
আর ওই ছবির প্রসঙ্গ টেনে ব্রড টুইটারে লেখেন, “মাঠে উইকেটের প্রয়োজনে যেমন বল করে তার তুলনায় পরীক্ষা করার সময় বোলাররা একেবারেই ভিন্নভাবে বল করতে পারে।”
এতে রেগে গিয়ে আজমল ইসিবিরর ব্যাখ্যা দাবি করেন।
ব্রডের ওই মন্তব্য নিয়ে পিসিবির প্রধান অপারেটিং অফিসার সুভান আহমেদ রোববার রয়টার্সকে বলেন, “ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে আমরা একটা চিঠি দিয়েছি। সে (ব্রড) কেন্দ্রীয় চুক্তিভুক্ত খেলোয়াড় হওয়ায় তার বিরুদ্ধে (ইসিবি) কি ব্যবস্থা নেয়ার পরিকল্পনা করছে, তা জানতে চেয়েছি।”
