ব্রডের মন্তব্যের ব্যাখ্যা চান আজমল
স্টুয়ার্ট ব্রড তার বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলায় ভীষণ ক্ষুব্ধ সাঈদ আজমল। ইংল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়কের এমন মন্তব্যে ইসিবির ব্যাখ্যা চান পাকিস্তানের এই অফস্পিনার।
২০১২ সালে আজমলের নৈপুণ্যে সংযুক্ত আরব আমিরাতে টেস্ট সিরিজের সব ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছিল পাকিস্তান। বর্তমানে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ওরস্টারশায়ারের হয়ে খেলছেন তিনি।
সম্প্রতি ১৩ উইকেট নিয়ে এসেক্সের বিপক্ষে দলকে দারুণ এক জয় এনে দিয়েছেন এই অফস্পিনার। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়েছেন মাত্র ১৯ রানে।
ঘটনার সূত্রপাত ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের এক টুইট থেকে। সেই ম্যাচে আজমলের বোলিংয়ের একটি ছবি পোস্ট করে বোলিং করার সময় বোলারদের হাত সর্বোচ্চ ১৫ ডিগ্রি বাঁকানোর নিয়মটি উল্লেখ করেন তিনি।
প্রথম টুইটে সেই ছবি ভুয়া হতে পারে বলে সন্দেহ প্রকাশ করলেও পরের টুইটে ব্রড লিখেন, “মাঠে উইকেটের প্রয়োজনে যেমন বল করে তার তুলনায় পরীক্ষা করার সময় বোলাররা একেবারেই ভিন্নভাবে বল করতে পারে।”
সেই মন্তব্য থেকে আজমল এই উপসংহারে পৌঁছান, ব্রড বলতে চেয়েছেন ম্যাচে যেভাবে বল করেন পরীক্ষার সময় আজমল সেভাবে বল করেন না। তিনি মনে করেন, তার বোলিং বৈধ নয় এমনটাই বলার চেষ্টা করা হয়েছে সেই টুইটে।
তাই আজমল তার এজেন্টকে এই মন্তব্যের ব্যাপারে পিসিবি ও ইসিবির সঙ্গে কথা বলে ব্যাখ্যা দাবি করতে বলেছেন।
