২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্ডানের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডের জয়

ক্রিস জর্ডানের অলরাউন্ড নৈপুণ্যে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে সহজেই হারিয়েছে ইংল্যান্ড। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৮১ রানের এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 02:43 AM

Updated : 22 Aug 2022, 06:20 PM

বৃহস্পতিবার লন্ডনের কেনিংটন ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৪৭ রান করে ইংল্যান্ড। স্বাগতিকেদের ইনিংসের ২১তম ওভারে বৃষ্টি নামলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৩৯ ওভারে।

ষষ্ঠ ওভারে অধিনায়ক অ্যালিস্টার কুক বিদায় নিলেও দলকে ১ উইকেটে ১০১ রানে পৌঁছে দিয়েছিলেন ইয়ান বেল ও গ্যারি ব্যালান্স। অর্ধশতকে পৌঁছেই বিদায় নেয়া বেলের (৫০) ৫৬ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছক্কা।

ত্রিশতম ওভারে বিদায় নেয়ার আগে ৬৪ রান করেন ব্যালান্স। তার ৭২ বলের ইনিংসে ছিল ৫টি চার ও একটি ছক্কা। ব্যালান্সের বিদায়ে পর শেষ ৫৮ বলে ১০২ রান যোগ করে আড়াইশ’র কাছাকাছি সংগ্রহ গড়ার পথে অবদান তিনজনের।

৪১ বলে ৪৫ রান করে জো রুট বিদায় নিলেও মাত্র ২১ বলে ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন জস বাটলার ও জর্ডান। ৩৮ রানে অপরাজিত থাকা জর্ডানের ১৩ বলের ইনিংস ৫টি চার ও ২টি ছক্কায় গড়া।

৩০ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার সচিত্রা সেনানায়েকে। নুয়ান কুলাসেকারা ২ উইকেট নেন ৬০ রানে।

জবাবে ২৭ ওভার ৫ বলে ১৪৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। তাদের ইনিংসের ১৪তম ওভারে বৃষ্টি নামলে নতুন লক্ষ্য দাঁড়ায় ৩২ ওভারে ২২৬ রান।

প্রথম থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় লক্ষ্যের ধারে কাছে যেতে পারেনি অতিথিরা।

সর্বোচ্চ ৩৫ রান করেন মাহেলা জয়াবর্ধনে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে তিলকরত্নে দিলশানের ব্যাট থেকে। এছাড়া আর কেউ বিশের ঘরে যেতে পারেননি।

ইংল্যান্ডের পক্ষে ম্যাচ সেরা জর্ডান ও জেমস ট্রেডওয়েল তিনটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ৩৯ ওভারে ২৪৭ (কুক ১১, বেল ৫০, ব্যালান্স ৬৪, মর্গান ৩, রুট ৪৫, বোপারা ৩, বাটলার ২৬*, জর্ডান ৩৮*; সেনানায়েকে ৩/৩০, কুলাসেকারা ২/৬০, ম্যাথিউস ১/২৫)

শ্রীলঙ্কা: ২৭.৫ ওভারে ১৪৪ (থিরিমান্নে ০, দিলশান ৩৩, সাঙ্গাকারা ৮, জয়াবর্ধনে ৩৫, ম্যাথিউস ১৮, চান্দিমাল ৮, কুলাসেকারা ০, থিসারা ২, সেনানায়েকে ১১, মালিঙ্গা ১০, লাকমল ৪*; জর্ডান ৩/২৫, ট্রেডওয়েল ৩/৩৮, গারনে ২/২০, অ্যান্ডারসন ১/২২, বোপারা ১/২৫)

ম্যাচ সেরা: ক্রিস জর্ডান।