২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ পিসিবির

আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে দেশ ‘প্রস্তুত’ বলে মনে করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি নাজাম সেঠি। তাই শ্রীলঙ্কাকে সফরের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 01:47 AM

Updated : 22 Aug 2022, 06:20 PM

মঙ্গলবার চীনে এক সম্মেলনে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে এক বিবৃতিতে বলেন, ক্রিকেট দলের ‘অবশ্যই পাকিস্তান যেতে এবং খেলতে হবে।’

এরপরই শ্রীলঙ্কা ক্রিকেটকে চিঠি লিখে পাকিস্তানে একটি সিরিজ খেলার আমন্ত্রন জানায় পিসিবি।

২০০৯ সালের মার্চে শ্রীলঙ্কার খেলোয়াড়দের বাসে সন্ত্রাসী হামলার পর থেকে কোনো টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তান সফর করছে না।

হামলায় মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, আজন্তা মেন্ডিস, থিলান সামারাবীরা ও থারাঙ্গা পারাভিতারানাসহ কয়েকজন ক্রিকেটার আহত হয়েছিলেন। ছয়জন নিরাপত্তা কর্মী ও দুইজন বেসামরিক লোক নিহত হয়েছিলেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসাইনের সঙ্গে এক বৈঠকে রাজাপাকসে পাকিস্তানে ক্রিকেট দলের খেলার বিষয়ে জোর দেন।

গুরুত্বপূর্ণ কোনো আন্তর্জাতিক ক্রিকেট না থাকায় বিচ্ছিন্ন হয়ে পড়ার শঙ্কা রয়েছে পিসিবি চেয়ারম্যান নাজাম সেঠির।

“আমরা শ্রীলঙ্কার রাষ্ট্রপতির ইতিবাচক বিবৃতি শুনেছি। আমরা তাদের চিঠি লিখেছি এবং পাকিস্তানের সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছি। আমরা বলেছি, এখানে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। পাঞ্জাব সরকারের সহায়তা নিয়ে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব।”

এর আগেও শ্রীলঙ্কা সরকার পাকিস্তান সফরের ইঙ্গিত দিয়েছিল। কিন্তু কোনোবারই সেই আলোচনা সফল হয়নি।

অগাস্টে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে শ্রীলঙ্কা যাবে পাকিস্তান। এরপর সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।