২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্নার ‘ঝড়ে’ হায়দরাবাদের জয়

ডেভিড ওয়ার্নারের আক্রমণাত্মক ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 12:26 AM

Updated : 13 Oct 2022, 12:08 PM

এই জয়ে ১২ ম্যাচ শেষে ষষ্ঠ জয়ে ১২ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছে হায়দরাবাদ। ১৩ খেলায় পঞ্চম হারের পরও ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে চেন্নাই।

বৃহস্পতিবার রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৮৫ রান করে চেন্নাই। জবাবে ২ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় হায়দরাবাদ।

শিখর ধাওয়ানের সঙ্গে ওয়ার্নারের ১১৬ রানের উদ্বোধনী জুটিতে সহজ জয়ের দিকে গিয়ে যায় হায়দরাবাদ। জন হেস্টিংসের বলে ওয়ার্নার বোল্ড হলে ভাঙে ৬৮ বল স্থায়ী জুটি।

৯০ রান করা ওয়ার্নারের ৪৫ বলের ইনিংসটি ১২টি চার ও ৩টি ছক্কায় গড়া। তবে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ধাওয়ান (অপরাজিত ৬৪)। তার ৪৯ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছক্কা।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ডোয়াইন স্মিথের ২৮ বলে ৪টি করে ছক্কা ও চারে গড়া ৪৭ রানের পরও নবম ওভারে ৭৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে চেন্নাই।

সেখান থেকে দলকে দুইশ’ রানের কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব মহেন্দ্র সিং ধোনি ও ডেভিড হাসির। চতুর্থ উইকেটে ৬৮ বলে ১০৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন এই দুজনে।

অধিনায়ক ধোনির (অপরাজিত ৫৭) ৪১ বলের ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ২টি চার। ৫০ রানে অপরাজিত থাকা হাসির ৩৩ বলের ইনিংসটি সাজানো ৫টি চার ও ২টি ছক্কায়।

হায়দরাবাদের পক্ষে কর্ণ শর্মা ২ উইকেট নেন ১৯ রানে।