২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপ্রতিরোধ্য পাঞ্জাবের কাছে দিল্লির হার

রোমাঞ্চকর লড়াইয়ে অপ্রতিরোধ্য কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ৪ উইকেটে হেরেছে দিল্লি ডেয়ারডেভিলস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 12:33 AM

Updated : 22 Aug 2022, 06:19 PM

১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে পাঞ্জাব। শীর্ষ দুইয়ে থাকা প্রায় নিশ্চিত নবম জয় পাওয়া দলটির। ১২ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে দিল্লি। টুর্নামেন্টে এটি তাদের টানা সপ্তম পরাজয়।

সোমবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৪ রান করে স্বাগতিক দল।

তৃতীয় ওভারেই মুরালি বিজয়কে হারালেও কেভিন পিটারসনের সঙ্গে ৪৮ বলে ৭১ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন দীনেশ কার্তিক।

অক্ষর প্যাটেলের বলে বোল্ড হওয়ার আগে ৪৯ রান করেন দিল্লির অধিনায়ক। তার ৩২ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছক্কা।

অন্য ব্যাটসম্যানদের কাছ থেকে তেমন কোনো সহায়তা না পেলেও দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন কার্তিক (৬৯)। তার ৪৪ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা।

পাঞ্জাবের পক্ষে সন্দীপ শর্মা ও বিউরান হেনড্রিকস তিনটি করে উইকেট নেন।

জবাবে ২ বল বাকি থাকতে লক্ষ্যে পৌছেঁ যায় পাঞ্জাব।

লক্ষ্য তাড়া করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন মানান ভোহরা (১৯ বলে ৪২) ও বীরেন্দর শেবাগ (২৩)। অষ্টম ওভারে দলকে ১ উইকেটে ৮৪ রানে পৌছেঁ দিয়েছিলেন এই দুজনে।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও দলকে দারুণ এক জয় এনে দেয়ার কৃতিত্ব অক্ষরের। ৩৫ বলে ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪২ রান অপরাজিত থাকেন তিনি।

২২ রানে ৩ উইকেট নিয়ে লেগস্পিনার ইমরান তাহির দিল্লির সেরা বোলার। জেপি ডুমিনি ২ উইকেট নেন ২৭ রানে।