ফের পিসিবির চেয়ারম্যান আশরাফ
পাকিস্তান ক্রিকেট বোর্ডে পালাবদল চলছেই। আদালতের আদেশ পক্ষে পাওয়ার পর আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদে ফিরেছেন জাকা আশরাফ।
রোববার ইসলামাবাদ হাই কোর্ট পিসিবি থেকে জাকা আশরাফকে সরিয়ে অন্তর্বর্তীকালীন প্রধান নাজাম সেঠিকে বসানোর আদেশ অবৈধ ঘোষণা করলে কর্তৃত্ব বুঝে নেন আশরাফ।
বোর্ড প্রধানের আসা যাওয়ার নাটকীয়তায় গতবছরের মে মাস থেকে তৃতীয়বারের মতো চেয়ারম্যানের দায়িত্বে ফিরলেন আশরাফ।
আবারো চেয়ারম্যানের পদ ফিরে পেয়ে অনুসারীদের নিয়ে সোমবার বিকেলে পিসিবির প্রাধান কার্যালয়ে আসেন পাকিস্তান ক্রিকেটের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট আশরাফ।
গত ১০ ফেব্রুয়ারি আশরাফকে বহিষ্কার করে অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে সেঠিকে দায়িত্ব দিয়েছিলেন পিসিবির পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
বোর্ড প্রধানের পদ থেকে নাজাম সেঠিকে বহিষ্কার করার পাশাপাশি তার নেতৃত্বাধীন কমিটি যেসব সিদ্ধান্ত নিয়েছে সেগুলোও বাতিল করেছে কোর্ট। ফলে দেশটির ক্রিকেট বড় ধরণের জটিলতার মুখে পড়তে যাচ্ছে।
এই সময়ে মঈন খানের নেতৃত্বে নির্বাচন কমিটি এবং বাসিত আলীর নেতৃত্বে জুনিয়র নির্বাচন কমিটি গঠিত হয়েছে। তাছাড়া প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়াকার ইউনুস।
আর ব্যাটিং ও বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে জিম্বাবুয়ের সাবেক ব্যাটসম্যান গ্র্যান্ট ফ্লাওয়ার ও পাকিস্তানের সাবেক লেগস্পিনার মুস্তাক আহমেদ।
