দিল্লির আরেকটি প্রতিরোধহীন পরাজয়
আহমেদাবাদে একপেশে লড়াইয়ে দিল্লি ডেয়ারডেভিলসকে ৬২ রানে হারিয়েছে শেষ চার নিশ্চিত করার লড়াইয়ে থাকা রাজস্থান রয়্যালস।
১১ খেলায় এটি সাবেক চ্যাম্পিয়নদের সপ্তম জয়। আর সমান খেলায় দিল্লির নবম পরাজয়।
বৃহস্পতিবার মোতেরার সর্দার প্যাটেল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২০১ রান করে রাজস্থান।
করুন নায়ারের (১৯) সঙ্গে ৪৪, কেভন কুপারের (১৬ বলে ৩২) সঙ্গে ৪৯ ও সঞ্জু স্যামসনের সঙ্গে ৭৪ রানের তিনটি চমৎকার জুটি উপহার দিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান অজিঙ্কা রাহানে।
স্যামসন (২৫ বলে ৪০) ও রাহানে (৬৪) দলকে ২ উইকেটে ১৬৭ রানে পৌঁছে দিয়েছিলেন। ১ রানের ব্যবধানে দুই জন বিদায় নিলেও বড় সংগ্রহ গড়ে রাজস্থান। ম্যাচ সেরা রাহানের ৫০ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ১টি ছক্বা।
শেষ দিকে জেমস ফকনারের ৮ বলে অপরাজিত ২৩ রানের আক্রণাত্মক ইনিংসে দুইশ’ পার হয় রাজস্থানের সংগ্রহ।
দিল্লির পক্ষে ইমরান তাহির ও শাহবাজ নাদিম দুটি করে উইকেট নেন।
জবাবে ৯ উইকেটে ১৩৯ রানে থেমে যায় দিল্লির ইনিংস।
শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় লক্ষ্যের ধারে কাছে যেতে পারেনি হারের মধ্যে থাকা দলটি।
মনোজ তিওয়ারির অপরাজিত ৬১ রানের সুবাদে পরাজয়ের ব্যবধান কমিয়েছে দিল্লি। এছাড়া দুই অঙ্কে পৌঁছান মায়াঙ্ক আগারওয়াল (১৭), রাহুল শুক্লা (১৪) ও অধিনায়ক কেভিন পিটারসেন (১৩)।
রাজস্থানের পক্ষে রজত ভাটিয়া ২ উইকেট নেন ১৮ রানে।
