২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিজির দায়িত্ব নিলেন জার্গেনসেন

ফিজি জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে যোগ দিচ্ছেন সদ্য বাংলাদেশকে বিদায় জানানো শেন জার্গেনসেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 08:14 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

ক্রিকেট ফিজির ওয়েবসাইটে বুধবার জানানো হয়, দেশটির জাতীয় মহিলা ক্রিকেট দলেরও কোচের দায়িত্বে থাকবেন তিনি। এছাড়া ফিজির বয়সভিত্তিক দলগুলোর সঙ্গেও কাজ করবেন বাংলাদেশের সাবেক এই কোচ। এজন্য তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জার্গেনসেন।

২০১১ সালে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে যোগ দেন জার্গেসসেন। এরপর মাঝে দু'বার অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালনের পর গত বছর ফেব্রুয়ারিতে প্রধান কোচ হিসেবে নিয়োগ পান তিনি। বাংলাদেশের সঙ্গে জার্গেনসেনের চুক্তি ২০১৫ সালের বিশ্বকাপ পর্যন্ত থাকলেও গত ৫ মে হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দেন অস্ট্রেলিয়ার এই কোচ।

তবে আইসিসির টেস্ট সদস্য দল ছেড়ে সহযোগী দলের কোচ হওয়ার জার্গেনসেনের এই সিদ্ধান্ত বড় একটা চমকই বটে। জার্গেনসেন নিজে অবশ্য নিজের দেশ অস্ট্রেলিয়ার কাছাকাছি দক্ষিণ প্রশান্ত মহাসাগারের দ্বীপরাষ্ট্রটির দায়িত্ব নিয়ে বেশ খুশি। আর তার অন্যতম কারণ হলো, এই দায়িত্ব পালন করতে গিয়ে পরিবারের আরো কাছাকাছি থাকতে পারবেন তিনি।

“শুধু কোচিং করাতেই আমি ভালোবাসি- খেলোয়াড়দের সঙ্গে সরাসরি কাজ করতে, তাদের প্রশ্নের উত্তর দিতে, তাদের ধারাবাহিক উন্নতি দেখতে...এমন সব কিছু।”

তাছাড়া নতুন দায়িত্বে তিনি আরো সময় ও স্বাধীনতা পাবেন বলেই মনে করেন জার্গেনসেন।

টেস্ট দলকে কোচিং করানোর অভিজ্ঞতাসম্পন্ন জার্গেনসেনকে কোচ হিসেবে পেয়ে ক্রিকেট ফিজিও দারুণ খুশি। আগামী ২ জুন নতুন দায়িত্বে যোগ দেবেন ৩৮ বছর বয়সী জার্গেনসেন।

বর্তমানে বিশ্ব ক্রিকেট লিগের সপ্তম বিভাগে খেলছে ফিজি। জার্গেনসেনের প্রথম লক্ষ্য দলকে আগামী নভেম্বরে আইসিসির পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক কোয়ালিফায়ারের মাধ্যমে বিশ্ব ক্রিকেট লিগের ষষ্ঠ বিভাগে ওঠানো।