২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ের তৃতীয় জয়

অম্বাতি রাইডু ও লেন্ডল সিমন্সের শতরানের জুটিতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১৫৮ রানের লক্ষ্য তাড়া করে ৭ উইকেটের জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 11:58 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

নয় খেলায় এটি শিরোপাধারীদের তৃতীয় জয়। সমান খেলায় হায়দরাবাদের পঞ্চম পরাজয়।

সোমবার উপলের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৫৭ রান করে হায়দরাবাদ।

শিখর ধাওয়ান (১১) ও লুকেশ রাহুল (১০) দ্রুত বিদায় নিলেও দলকে দশম ওভারে ২ উইকেটে ৭০ রানে পৌঁছে দিয়েছিলেন অ্যারন ফিঞ্চ।

তৃতীয় উইকেটে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ৫৪ বলে ৬৩ রানের জুটি গড়েন ফিঞ্চ। লাসিথ মালিঙ্গার দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ৬৮ রান করেন তিনি।। তার ৬২ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্বা।

ওয়ার্নারের অপরাজিত ৫৫ রানের সুবাদে দেড়শ’ পার হয় স্বাগতিকদের সংগ্রহ। বাঁহাতি এই ব্যাটসম্যানের ৩১ বলের ইনিংসটি সাজানো ৬টি চার ও ২টি ছক্কায়।

মুম্বাইয়ের পক্ষে মালিঙ্গা ২ উইকেট নেন ৩৫ রানে।

জবাবে ৮ বল অব্যবহৃত রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই।

২ রানে চিদাম্বরাম গৌতমকে হারালেও দ্বিতীয় উইকেটে সিমন্সের সঙ্গে রাইডুর ১৩০ রানের জুটিতে সহজ জয়ের দিকে এগিয়ে যায় মুম্বাই। ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হয়ে বিদায় নেয়া সিমন্সের ৫০ বলে খেলা ৬৮ রানের ইনিংসটিতে ছিল ৪টি ছক্কা ও ৫টি চার।

সিমন্সের বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি ৬৮ রান করা রাইডুও। তার ৪৬ বলের ইনিংসটি সাজানো ৬টি চার ও ৩টি ছক্কায়। এরপর বাকি কাজটুকু সহজেই সারেন অধিনায়ক রোহিত শর্মা ও কাইরন পোলার্ড।

হায়দরাবাদের পক্ষে ভুবনেশ্বর ২১ রানে নেন ২ উইকেট।