পাকিস্তানের বোলিং পরামর্শক মুশতাক
পাকিস্তানের বোলিং পরামর্শক হিসেবে চাকরি পেলেন মুশতাক আহমেদ। পাকিস্তানের সাবেক লেগস্পিনারকে বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয়ার বিষয়টি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, বোর্ডের কোচ নিয়োগ কমিটি তার নাম প্রস্তাব করার পর নতুন প্রধান কোচ ওয়াকার ইউনিস তা অনুমোদন করেন।
এই পদের জন্য মুশতাক আহমেদের প্রতিদ্বন্দ্বী ছিলেন পাকিস্তানের আরেক সাবেক অফস্পিনার সাকলাইন মুশতাক।
২০০৮ সাল থেকে এই পর্যন্ত ইংল্যান্ডের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন মুশতাক আহমেদ। সম্প্রতি তাকে ছেড়ে দিয়ে পিটার সাচকে এই দায়িত্ব দেয় ইংল্যান্ড।
পাকিস্তান দলের সঙ্গে এর আগেও কাজ করেছেন মুশতাক। ২০০৫ ও ২০০৬ সালে তিনি ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে সিরিজে পাকিস্তানের বোলিং পরামর্শক হিসেবে কাজ করেন।
