২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লির সপ্তম হার

আইপিএলে চতুর্থ জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে দিল্লি ডেয়ারডেভিলসকে ৮ উইকেটে হারিয়েছে দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 10:35 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

সব খেলোয়াড়কে বিদায় দিয়ে এবার নিলামে নতুন করে দল সাজিয়েছিল দিল্লি। কিন্তু এবারো ব্যর্থতা তাদের পিছু ছাড়ছে না। নয় খেলায় সাত হারে পয়েন্ট তলিকায় সবার নিচে রয়েছে দলটি।

অন্যদিকে আট খেলায় চার জয়ে আপাতত পয়েন্ট তালিকার চার নম্বরে রয়েছে হায়দরাবাদ।

শনিবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৩ রান করে স্বাগতিকরা।

সর্বোচ্চ ৩৯ রান করেন দীনেশ কার্তিক। অধিনায়ক কেভিন পিটারসেনের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান।

এই দুজন ছাড়া দুই অঙ্কে পৌঁছান কেবল মায়াঙ্ক আগারওয়াল (২৫) ও ও লক্ষ্মী শুক্লা (২১)। তবে তাদের প্রচেষ্টা দলের টানা চতুর্থ হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

হায়দরাবাদের ডেল স্টেইন, অমিত মিশ্র ও মোইসেস হেনরিক্স দুটি করে উইকেট নেন।

বৃষ্টির কারণে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে হায়দরাবাদের লক্ষ্য দাঁড়ায় ৫ ওভারে ৪৩ রান। পাঁচ ওভারেই ব্যাটিং পাওয়ার প্লের সুবিধা থাকায় লক্ষ্যটা সহজই ছিল অতিথিদের।

চার বল বাকি থাকতেই দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় টানা দ্বিতীয় জয় পাওয়া দলটি।

৩ বলে ১৩ রানে অপরাজিত থাকেন নামান ওঝা। ৯ বলে ১২ রানে অপরাজিত থাকেন ডেভিড ওয়ার্নার।