২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপ্রতিরোধ্য স্মিথ

চেন্নাই সুপার কিংসকে ১৭৯ রানের বড় লক্ষ্য দিয়েও পারেনি দিল্লি ডেয়ারডেভিলস। উদ্বোধনী ব্যাটসম্যান ডোয়াইন স্মিথের দৃঢ়তায় ৮ উইকেটের জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 12:24 AM

Updated : 13 Oct 2022, 12:04 PM

সাত খেলায় এটি চেন্নাইয়ের টানা ষষ্ঠ জয়। সমান খেলায় দিল্লির পঞ্চম হার। চলতি আসরে প্রথম দেখায় চেন্নাইয়ের বিপক্ষে ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৪ রানে অলআউট হয়েছিল দিল্লি।

সোমবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭৮ রান করে দিল্লি।

কুইন্টন ডি ককের ১৬ বলে ২৪ রানের পরও ৩৭ রানে ২ উইকেট হারিয়ে শুরুটা ভালো হয়নি দিল্লির।

তবে তৃতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়ে দলকে ২ উইকেটে ১০৮ রানের ভালো অবস্থানে পৌঁছে দেন মুরালি বিজয় (৩৫) ও দীনেশ কার্তিক (৫১)। কাতির্কের ৩৬ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা।

১২ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে দিল্লি আবার অস্বস্তিতে পড়লেও স্বাগতিকদের পৌঁনে দুইশ’ রানের কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব জেপি ডুমিনি (অপরাজিত ২৮) ও কেদার যাদবের (১৮ বলে ২৯)।

জবাবে ২ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চেন্নাই।

চলতি আসরে চতুর্থ অর্ধশত রানের উদ্বোধনী জুটি গড়ে দলকে ভালো সূচনা এনে দেন ব্রেন্ডন ম্যাককালাম (৩২) ও স্মিথ। ৮২ রানের উদ্বোধনী জুটির পর সুরেশ রায়নার সঙ্গে দ্বিতীয় উইকেটে ৮৬ রানের আরেকটি চমৎকার জুটি উপহার দিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান স্মিথ।

উনিশতম ওভারে ফেরার আগে ৭৯ রান করেন স্মিথ। তার ৫১ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ৮টি ছক্কা। ৪৭ রানে অপরাজিত থাকেন রায়না। তার ২৭ বলের ইনিংসটি সাজানো ৬টি চার ও ১টি ছক্কায়।

৫ বলে ১টি করে ছক্কা ও চারের সাহায্যে ১২ রানে অপরাজিত থাকা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবদানও কম নয় ২ বল অব্যবহৃত রেখে পাওয়া জয়ে।