টিভি স্বত্ব বিক্রির নিলাম পিছিয়েছে বিসিবি
সম্প্রচার স্বত্ব বিক্রির নিলামের সময় পিছিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার বোর্ড সভাপতি নাজমুল হাসান এ কথা জানিয়েছেন।
নাজমুল হাসান নতুন সময় জানিয়ে উন্মুক্ত নিলামের পক্ষে যুক্তি দেখান।
"১৬ তারিখে উন্মুক্ত বিড হবে। ১৪ তারিখে টেকনিক্যাল রিপোর্ট গ্রহণ করবো আমরা। ওপেন বিড করাই ভালো হবে। এটা অনেক স্বচ্ছ। যে সর্বোচ্চ দর দেবে সে নিয়ে যাবে, কারো কিছু করার নাই। ক্লোজ বিড হলে আলাপ-আলোচনা করতে হয়। এই ঝামেলা আমরা করতে চাচ্ছি না।"
২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত ৬ বছরের সম্প্রচার স্বত্ব বিক্রি করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগে জানানো হয়েছিল, উন্মুক্ত নিলাম হবে ১২ মে।
নিলামের আগে বোর্ডের কিছু কাজ বাকি আছে বলেও জানান হাসান।
" আমরা ঠিক করেছি একটি বিদেশী সংস্থাকে দিয়ে ভেল্যুয়েশন অ্যাসেস করবো। কোনো প্রফেশনাল বডির কাছ থেকে আসলে আমাদের কত ভেল্যুয়েশন হওয়া উচিৎ আমরা কেউ জানি না।"
এছাড়া দুটি টুর্নামেন্টের স্বাগতিক হওয়ার বিষয়টিও নিশ্চিত করেন বিসিবি সভাপতি।
"হোস্ট অ্যাগ্রিমেন্ট অ্যাপ্রুভ করেছি। ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও ২০১৮ সালে বিশ্বকাপ বাছাই পর্ব এখানে হবে। আমরা অ্যাপ্রুভ করে এই দুটো পাঠিয়ে দিয়েছি।"
