ব্যাট হাতেও সফল সোহাগ রাজ্জাক
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে দ্বিতীয় দিনে দৃঢ় অবস্থানে পৌঁছেছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল।
এনামুল হক জুনিয়র পাঁচ উইকেট নিলেও প্রথম ইনিংসে ৩৭৬ রান করে দক্ষিণাঞ্চল। প্রথম ইনিংসে ১৩৫ রানে অলআউট হওয়ায় ২৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ১ উইকেটে ১৩৮ রান করেছে পূর্বাঞ্চল।
রোববার বিকেএসপির চার নম্বর মাঠে ১ উইকেটে ১০৭ রান নিয়ে খেলা শুরু করে দক্ষিণাঞ্চল।
দিনের শুরুতেই এনামুল হককে (৫৯) হারানো দক্ষিণাঞ্চলকে ২ উইকেটে ২৪৩ রানে পৌঁছে দিয়েছিলেন মিঠুন আলী (৭৭) ও সৌম্য সরকার (৭১)।
সেখান থেকে পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় এক সময়ে দলটির স্কোর পরিণত হয় ২৭০/৮-এ। অর্থাৎ দলটি ৬ উইকেট হারায় মাত্র ২৭ রানে।
বল হাতে সাফল্য পাওয়া সোহাগ গাজী ও আব্দুর রাজ্জাক সেখান থেকে দলকে চারশ’ রানের কাছাকাছি নিয়ে যান। নবম উইকেটে রাজ্জাকের সঙ্গে (২৮) ৫২ রানের জুটি গড়ার পর দশম উইকেটে নাজমুল অপুর সঙ্গে ৫৪ রানের আরেকটি চমৎকার জুটি উপহার দেন সোহাগ (৬৪)।
পূর্বাঞ্চলের পক্ষে বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র ৫ উইকেট নেন ১২৬ রানে। অফস্পিনার মোসাদ্দেক হোসেন ৬৫ রানে নেন ৩ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে পূর্বাঞ্চলের ব্যাটসম্যানরা। অফস্পিনার সোহাগ নাজিম উদ্দিনকে (২৭) ফিরিয়ে দিলেও দ্বিতীয় উইকেটে ৯৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন সাদমান ইসলাম (অপরাজিত ৫৬) ও লিটন কুমার (অপরাজিত ২৭)।
