স্পিনে বিধ্বস্ত পূর্বাঞ্চল
বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ও অফস্পিনার সোহাগ গাজীর ঘূর্ণিতে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের প্রথম দিন শেষে চালকের আসনে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল।
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে ১৩৫ রানে অলআউট করে দিয়ে দিন শেষে ১ উইকেটে ১০৮ রানের দৃঢ় অবস্থানে পৌঁছেছে দক্ষিণাঞ্চল।
শনিবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) চার নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৩৩ রানে তিন উইকেট হারিয়ে শুরুটা মোটেও ভালো হয়নি পূর্বাঞ্চলের।
কোনো রানই করতে পারেননি নাজিম উদ্দিন ও মুমিনুল হক। ১৩ রান করে ফিরেন লিটন দাস।
রানআউট হওয়ার আগে ৩৩ রান করেন সাদমান ইসলাম। তার বিদায়ের পর প্রায় একাই খেলতে হয়েছে অধিনায়ক অলক কাপালীকে। অর্ধশতকে পৌঁছানোর পর বিদায় নেয়া কাপালীর (৫৬) ১৩৪ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছক্কা।
৬ উইকেটে ১৩৩ রানে পৌঁছানো পূর্বাঞ্চল ২ রানে শেষ ৪ উইকেট হারানোয় দেড়শ পর্যন্তও যেতে পারেনি।
৩৪ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিণাঞ্চলের সেরা বোলার অধিনায়ক রাজ্জাক। ৪১ রানে তিন উইকেট নিয়েছেন সোহাগ।
জবাবে ইমরুল কায়েসের উইকেট হারিয়ে দিন শেষ করেছে দক্ষিণাঞ্চল। ২৭ রানে পিছিয়ে থাকা দলটির হাতে আছে ৯ উইকেট।
ইমরুলের (৩৮) সঙ্গে ৮১ রানের জুটি গড়া এনামুল হক অপরাজিত রয়েছেন ৫৯ রানে। তার সঙ্গী সৌম্য সরকার ব্যাট করছেন ৬ রানে।
