অস্ট্রেলিয়ার ক্রিকেটে মার্শ-ওয়াহ জুটি
অস্ট্রেলিয়ার ক্রিকেট নতুন এক জুটি পেল। দুজন দুই সময়ের খেলোয়াড় হলেও সাবেক দুই তারকা রড মার্শ ও মার্ক ওয়াহ অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটিতে জুটি হিসেবেই যোগ দিয়েছেন।
এর আগেও অস্ট্রেলিয়ার নির্বাচক হিসেবে কাজ করা সাবেক উইকেটরক্ষক মার্শ নিয়োগ পেয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। আর মার্শের উত্তরসূরী সাবেক ব্যাটসম্যান ওয়াহ এই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির সদস্য হয়েছেন।
ছেষট্টি বছর বয়সী মার্শ জন ইনভেরারিটির জায়গায় নিয়োগ পেয়েছেন। মেয়াদ শেষ হলে এমনিতেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা বলেছিলেন ইনভেরারিটি। আর ওয়াহ নির্বাচক কমিটিতে ঢুকেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার অ্যান্ডি বিকেলের জায়গায়।
এই দুজনের সঙ্গে অস্ট্রেলিয়ার নবগঠিত নির্বাচক কমিটিতে আছেন কোচ ড্যারেন লেম্যান আর আগের কমিটির ট্রেভর হনস।
মার্শকে নির্বাচক কমিটির প্রধান করতে পেরে উচ্ছ্বসিত ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। এক বিবৃতিতে তিনি বলেন, মার্শ এই পদের জন্য সঠিক লোক। প্রতিভা খুঁজে বের করার ক্ষেত্রে মার্শকে পাকা জহুরি বলেও উল্লেখ করেছেন তিনি।
নির্বাচক কমিটির বিদায়ী প্রধানকেও প্রশংসা করতে কার্পণ্য করেননি সাদারল্যান্ড। ইনভেরারিটির আমলে অস্ট্রেলিয়া টেস্ট ও ওয়ানডে র্যাঙ্কিংয়ে নিজেদের এক নম্বর স্থানে নিয়ে যেতে পেরেছে, এটাই সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।
