২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ দিয়ে ওয়ানডে ক্যারিয়ারেরও ইতি চান সাঙ্গাকারা

আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ দিয়েই ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানতে পারেন কুমার সাঙ্গাকারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2014, 06:10 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

এর আগে সদ্য শেষ হওয়া বিশ্বকাপ দিয়েই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দেন শ্রীলঙ্কার এই ব্যাটসম্যান।

৩৬ বছর বয়সী সাঙ্গাকারা বলেন, “২০১৫ সালের বিশ্বকাপটাই হতে পারে এই ফরম্যাটের ক্রিকেটে আমার শেষ প্রতিযোগিতা।”

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাতে গিয়ে বয়সের বিষয়টি সামনে তুলে এনেছেন এই ফরম্যাটে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক।

“আপনি নিজেই বিদায়ের সিদ্ধান্ত নেবেন অথবা আপনাকে চলে যেতে বলা হবে—খুব দ্রুতই এই সময়টা এগিয়ে আসছে।”

তবে দেশে ফিরে নির্বাচক ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান সাঙ্গাকারা।

বর্তমানে কাউন্টি ক্রিকেটে খেলতে ইংল্যান্ডে আছেন সাঙ্গাকারা। ডারহ্যামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলবেন তিনি। এ মাসেই ইংল্যান্ড সফরে যাবে শ্রীলঙ্কা।

জাতীয় দলের হয়ে প্রায় ১৪ বছরের পথচলায় ৩৬৯টি ওয়ানডে খেলেছেন সাঙ্গাকারা, রান করেছেন সাড়ে ১২ হাজার। এই ফরম্যাটের ক্রিকেটে তার চেয়ে বেশি রান করেছেন মাত্র তিন জন। সবার উপরে আছেন শচীন টেন্ডুলকার। পরের দুটি স্থানে আছেন রিকি পন্টিং ও সাঙ্গাকারার সাবেক সতীর্থ সনাথ জয়াসুরিয়া।