২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবেগতাড়িত সিদ্ধান্ত নেননি জার্গেনসেন

আবেগতাড়িত হয়ে নয়, ভেবে-চিন্তেই বাংলাদেশ কোচের দায়িত্ব ছাড়তে চেয়েছেন শেন জার্গেনসেন। অস্ট্রেলিয়া থেকে ফিরে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, কাজের ক্ষেত্র আরো বাড়ানোর জন্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2014, 04:58 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

পুরনো খবর:

জার্গেনসেনেই আস্থা মুশফিকের
জার্গেনসেনের হঠাৎ পদত্যাগ

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া গিয়েছিলেন জার্গেনসেন। বৃহস্পতিবার ঢাকায় ফিরে সাংবাদিকদের তিনি বলেন, “আবেগপ্রবণ হয়ে এই সিদ্ধান্ত নেইনি, ভেবে-চিন্তেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

কোচের পদত্যাগপত্র পাওয়ার পর বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস জানিয়েছিলেন, আবেগতাড়িত হয়ে জার্গেনসেন এ সিদ্ধান্ত নিতে পারেন।

আপাতত ভারতের বিপক্ষে জুনের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়েই সব ভাবনা অস্ট্রেলিয়ার এই কোচের। বোর্ডের সঙ্গে আলোচনা করে পদত্যাগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম কোচের সঙ্গে আলোচনা করে পদত্যাগের সিদ্ধান্ত বদলানোর চেষ্টা করার কথা জানিয়েছিলেন। এ প্রসঙ্গে জার্গেনসেন বলেন, “এ নিয়ে অনেক আলোচনা হবে। তারপর দেখব কি হয়।”

বোর্ড পরিচালকদের কোনো মন্তব্যে পদত্যাগের এই সিদ্ধান্ত কি না, এমন প্রশ্ন উড়িয়ে দিয়েছেন জার্গেনসেন। জানান, এইসব কিছুই তার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে প্রভাব ফেলেনি। বিশ্ব ক্রিকেটে তার কাজের আরো ক্ষেত্র রয়েছে। সে সব বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেয়া।

গত সোমবার ই-মেইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির সভাপতি আকরাম খানের কাছে পদত্যাগ পত্র পাঠান জার্গেনসেন।

ইউনুস জানিয়েছিলেন, বোর্ড সভাপতি নাজমুল হাসান বিদেশ থেকে এলে এ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

স্টুয়ার্ট ল দায়িত্ব ছাড়ার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ২০১২ সালের মেতে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেন জার্গেনসেন। পরে জুনে রিচার্ড পাইবাস দায়িত্ব নিলে বোলিং কোচের দায়িত্বে ফিরে যান তিনি। অক্টোবরে পাইবাসের বিদায়ের পর আবার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে ফেরেন জার্গেনসেন।

২০১৩ সালের ফেব্রুয়ারিতে জার্গেনসেনকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রধান কোচ ঘোষণা করে বিসিবি। পরে জুলাইয়ে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাকে দায়িত্ব দেয়া হয়।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হারার পর এশিয়া কাপে চারটি ম্যাচেই হারে বাংলাদেশ। এই ৪টি হারের একটি ছিল আবার আফগানিস্তানের বিপক্ষে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। প্রথম পর্বে হংকংয়ের বিপক্ষে হারটিও অনেকেই মেনে নিতে পারেনি।