জার্গেনসেনের হঠাৎ পদত্যাগ
পদত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ শেন জার্গেনসেন। অস্ট্রেলিয়া থেকে ই-মেইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।
বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস সোমবার সাংবাদিকদের কাছে জার্গেনসেনের ই-মেইল পাওয়ার কথা জানান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ায় গেছেন জার্গেনসেন।
তার পদত্যাগপত্রের বিষয়ে বিসিবি এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। বোর্ড সভাপতি নাজমুল হাসান বিদেশ থেকে এলে এ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
ইউনুস মনে করেন, আবেগতাড়িত হয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার এই কোচ। গত কয়েকদিনে গণমাধ্যমে এসেছে কোচ হিসেবে জার্গেনসেন অনিশ্চিত। এ ধরনের সংবাদ শুনে হয়তো এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ইউনুস জানান, পদত্যাগপত্র পেলেও এখনি তা কার্যকর হবে না। জুনে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ পর্যন্ত কোচের দায়িত্ব পালন করবেন বলে বোর্ডকে জানিয়েছেন জার্গেনসেন।
দেশের মাটিতে গত কয়েক মাসে বাংলাদেশের হতাশাজনক ফলের পর বিসিবি নতুন কোচ খুঁজতে শুরু করেছে বলে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়।
স্টুয়াট ল দায়িত্ব ছাড়ার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ২০১২ সালের মেতে অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব নেন জার্গেনসেন। পরে জুনে রিচার্ড পাইবাস দায়িত্ব নিলে বোলিং কোচের দায়িত্বে ফিরে যান জার্গেনসেন। অক্টোবরে পাইবাসের বিদায়ের পর আবার অন্তবর্তীকালীন কোচের দায়িত্বে ফিরেন জার্গেনসেন।
২০১৩ সালের ফেব্রুয়ারিতে জার্গেনসেনকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রধান কোচ ঘোষণা করে বিসিবি। পরে জুলাইয়ে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাকে দায়িত্ব দেয়া হয়।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হারার পর এশিয়া কাপে চারটি ম্যাচেই হারে বাংলাদেশ। এই ৪টি হারের একটি ছিল আবার আফগানিস্তানের বিপক্ষে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। প্রথম পর্বে হংকংয়ের বিপক্ষে হারটিও অনেকেই মেনে নিতে পারেনি।
