জার্গেনসেনেই আস্থা মুশফিকের
পদত্যাগপত্র দেয়া কোচ শেন জার্গেনসেনকে ফেরাতে চাইছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরলে কোচকে বুঝিয়ে সিদ্ধান্ত বদলানোর চেষ্টা করবেন তিনি।
এক বছরের জন্য গোল্ডমার্ক ফুডস লিমিটেডের শুভেচ্ছা দূত হয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ঢাকার একটি হোটেলে তারই চুক্তি করতে গিয়ে বাংলাদেশ কোচ জার্গেনসেনের পদত্যাগ নিয়ে কথা বলতে হয় তাকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জার্গেনসেনের ওপর আস্থার কথা জানান মুশফিক।
“আমি আসলে বিষয়টি নিয়ে বেশি কথা বলতে চাই না। তবে কোচ ঢাকায় ফিরলে তার সঙ্গে কথা বলব। তাকে বোঝাতে চেষ্টা করব এবং পদত্যাগের সিদ্ধান্ত থেকে ফেরাতে চাইব।”
অস্ট্রেলিয়া থেকে ই-মেইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পদত্যাগপত্র পাঠিয়েছেন জার্গেনসেন। বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস সোমবার সাংবাদিকদের কাছে এই ই-মেইল পাওয়ার কথা জানান।
২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের আর বেশি বাকি নেই। বিশ্বকাপের আগে হঠাৎই কোচ পদত্যাগ করলেন। বিশ্বকাপ পর্যন্ত মুশফিকই যেহেতু অধিনায়ক, নতুন কোচ নেয়ার ক্ষেত্রে তার কোনো পরামর্শ আছে কিনা জানতে চাইলেন সাংবাদিকরা।
কিন্তু নতুন কোচের কথা মুশফিক মোটেই ভাবছেন না। তিনি চাইছেন আপাতত, জার্গেনসেনই থেকে যান। কোচ কেন পদত্যাগ করলেন, এ বিষয়ে কিছু বলতে না চাইলেও পরবর্তী করণীয় সম্পর্কে জানিয়েছেন মুশফিক।
“অনেক কথাই বলার আছে, তবে এখনই কিছু বলব না। সময় আসুক শুনতে পারবেন। উনি (জার্গেনসেন) আগামীকাল (বুধবার) ঢাকায় ফিরবেন। আমি তার সঙ্গে কথা বলব। আর পাপন ভাই (বিসিবি সভাপতি) ফিরলে তার সঙ্গেও কথা বলব। আপাতত কোচকে ফেরাতে চাই আমি।”
জার্গেনসেনের পদত্যাগের বিষয়ে বিসিবি এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। বোর্ড সভাপতি নাজমুল হাসান বিদেশ থেকে এলে এ নিয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে বিসিবি।
ইউনুসের ধারণা, আবেগতাড়িত হয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার এই কোচ। পদত্যাগ করতে চাওয়ার সম্ভাব্য কারণ সম্পর্কে অবশ্য কিছুই বলতে চাননি মুশফিক।
ইউনুস জানিয়েছিলেন, পদত্যাগপত্র পেলেও এখনি তা কার্যকর হবে না। জুনে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ পর্যন্ত কোচের দায়িত্ব পালন করবেন বলে বোর্ডকে জানিয়েছেন জার্গেনসেন।
দেশের মাটিতে গত কয়েক মাসে বাংলাদেশের হতাশাজনক ফলের পর বিসিবি নতুন কোচ খুঁজতে শুরু করেছে বলে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল।
২০১৩ সালের ফেব্রুয়ারিতে জার্গেনসেনকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রধান কোচ ঘোষণা করে বিসিবি। পরে জুলাইয়ে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাকে দায়িত্ব দেয়া হয়।
