২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাক্স-মিলার ঝড় ছাড়াই পাঞ্জাবের জয়

গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড মিলারের ব্যাটে ‘ঝড়’ উঠেনি তবু আইপিএলে জয়রথ অব্যাহত কিংস ইলেভেন পাঞ্জাবের। ছোট লক্ষ্য দিয়েও সাবেক চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে ২৩ রানে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 12:00 AM

Updated : 13 Oct 2022, 12:02 PM

চার খেলায় এটি পাঞ্জাবের টানা চতুর্থ জয়। অন্য দিকে সমান খেলায কলকাতার দ্বিতীয় হার। টানা দ্বিতীয় ম্যাচে খেলেননি কলকাতার অলরাউন্ডার সাকিব আল হাসান।

শনিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩২ রান করে টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল পাঞ্জাব।

দুই অঙ্কে পৌঁছালেও ঋদ্ধিমান সাহা (১৪), ম্যাক্সওয়েল (১৫), মিলার (১৪) ও অধিনায়ক জর্জ বেইলি (১১) নিজেদের ইনিংস বড় করতে পারেননি।

নিয়মিত বিরতিতে উইকেট হারানো পাঞ্চাবকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগের (৩৭)। দলের সংগ্রহ একশ’ পার হওয়ার পর বিদায় নেয়া শেবাগের ৩০ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছক্কা।

দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রানে অপরাজিত থাকেন রিশি ধাওয়ান। তবে শেষ ৬ ওভারে মাত্র ২৯ রান যোগ করায় সংগ্রহ আরো বড় হয়নি পাঞ্জাবের।

কলকাতার পক্ষে দুই স্পিনার পিযুষ চাওলা ও সুনীল নারায়ণ তিনটি করে উইকেট নেন।

জবাবে ১৮ ওভার ২ বলে ১০৯ রানে থেমে যায় কলকাতার ইনিংস।

লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ রানে প্রথম তিন ব্যাটসম্যানের বিদায়ে শুরুটা ভালো হয়নি কলকাতার।

সন্দীপ শর্মাকে ফিরতি ক্যাচ দিয়েও বেঁচে গেলে টানা চতুর্থ ম্যাচে শূন্য রানে আউট হওয়ার লজ্জা এড়ান অধিনায়ক গৌতম গম্ভীর। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। সন্দীপের পরের ওভারেই ফেরার আগে মাত্র ১ রান করেন তিনি।

সর্বোচ্চ ৩১ রানের জুটি গড়ে উঠে ক্রিস লিন (১৩) ও রবিন উথাপ্পার (১৯) মধ্যে। দ্বাদশ ওভারে লিনের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারানো কলকাতার স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন সূর্যরকুমার যাদব। কিন্তু ১৬ বলে ৩৪ রান করে তার বিদায়ের পর আর বেশি দূর এগোয়নি কলকাতার ইনিংস।

২১ রানে ৩ উইকেট নিয়ে পাঞ্জাবের সেরা বোলার সন্দীপ। এছাড়া অক্ষর প্যাটেল ও মিচেল জনসন দুটি করে উইকেট নেন।