২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙ্গালোরের তৃতীয় সর্বনিম্ন রানের লজ্জা

লেগস্পিনার প্রভিন তাম্বের নৈপুণ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে মাত্র ৭০ রানে গুড়িয়ে দিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস। ৬ উইকেটে জিতেছে রাজস্থানের দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 07:39 PM

Updated : 13 Oct 2022, 12:02 PM

আইপিএলের ইতিহাসে ব্যাঙ্গালোরের ইনিংসটি তৃতীয় সর্বনিম্ন। কম রানের ইনিংসের তালিকায় সবার ওপরে আছে রাজস্থান রয়্যালসের ৫৮ রান, ২০০৯ সালে এই ব্যাঙ্গালোরের বিপক্ষেই সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ডটি গড়েছিল রাজস্থান।

শনিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ২ উইকেট হারায় ব্যাঙ্গালোর। তৃতীয় ওভারে অস্ট্রেলিয়ার পেসার কেন রিচার্ডসনের বলে যুবরাজ সিং ও এবি ডি ভিলিয়ার্স আউট হয়ে গেলে দেয়ালে পিঠ ঠেকে যায় দলটির। আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। পাঁচ ওভার বাকি থাকতেই অলআউট হয়ে যায় ব্যাঙ্গালোর।

সর্বোচ্চ ২১ রান করেন অধিনায়ক বিরাট কোহলি। এছাড়া মিচেল স্টার্ক ১৮ ও রবি রামপল ১৩ রান করেন। আর কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

২০ রানে ৪ উইকেট নিয়ে রাজস্থানের সফলতম বোলার তাম্বে। ১৮ রান দিয়ে ২ উইকেট নেন রিচার্ডসন।

জয় পেতে কোনো সমস্যায় হয়নি রাজস্থানের। অধিনায়ক শেন ওয়াটসনের ২৪ ও উদ্বোধনী ব্যাটসম্যান অজিঙ্কা রাহানের ২৩ রানের সাহায্যে ৪২ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা।

ব্যাঙ্গালোরের পক্ষে ২৯ রানে ২ উইকেট নিয়েছেন স্টার্ক।