বিশ্বকাপে রাজত্ব 'দুর্লভ' লেগ-স্পিনারদের
পরিবেশ আর পিচের বিবেচনায় বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্পিনারদের সম্ভাবনা আগেই আঁচ করা গিয়েছিল। তবে মারমার কাটকাট ক্রিকেটে লেগ-স্পিনারই যে বোলারদের নিশান তুলে ধরবে, তা কে ভেবেছিল। চার-ছক্কার ধুমধাড়াক্কা ক্রিকেটের ধূলি সরার পর পরিসংখ্যান ঘেটে দেখা যাচ্ছে, টুর্নামেন্টের সেরা পাঁচ বোলারের মধ্যে তিনজনই লেগ-স্পিনার।
আরো শক্তিশালী হয়ে ওঠা আধুনিক ব্যাট, মাঠে ফিল্ডারদের সজ্জায় আরো সীমাবদ্ধতা আর ফরম্যাটের সংক্ষিপ্ততার জন্য টি-টোয়েন্টিতে স্লো বোলারদের মধ্যে ক্রমেই দুর্লভ হয়ে ওঠা অংশটি জেগে উঠেছে ইমরান তাহির, স্যামুয়েল বদ্রি আর অমিত মিশ্রের ঘূর্ণি বলে।
৫ ম্যাচে ১২ উইকেট নিয়ে নেদারল্যান্ডসের পেসার আহসান মালিকের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট-শিকারি দক্ষিণ আফ্রিকার তাহির। তবে গড় আর কম রান খরচের দিক থেকে এগিয়ে আছেন দক্ষিণ আফ্রিকার এই লেগ-স্পিনারই। ১৩.৮৩ গড়ে ১২ উইকেট নেয়া মালিক ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৬৮। আর ৬.৫৫ রান খরচায় তাহির ১২ উইকেট নিয়েছেন ১০.৯১ গড়ে।
সেমি-ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের এই ঘূর্ণি বোলার ৫ ম্যাচে ১০.২৭ গড়ে নিয়েছেন ১১ উইকেট। বদ্রির সঙ্গে ১১ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট-শিকারি আরও একজন ঘূর্ণি জাদুকর। তবে ভারতের রবিচন্দ্রন অশ্বিন লেগ-স্পিনার নন, তিনি একজন অফ-স্পিনার।
সুপার টেনে পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পর পর দুটি ম্যাচে ভারতের জয়ে বড় ভূমিকা রেখেছেন অমিত মিশ্র। এই দুই ম্যাচে মিশ্রর ম্যাচ সেরার পুরস্কার জেতা প্রমাণ করে এই বিশ্বকাপে কতটা রুদ্র রূপে ধরা দিয়েছিলেন লেগ-স্পিনাররা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ম্যাচের সেরা খেলোয়াড় ভারতের অমিত মিশ্র। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
অধিনায়করা রানের গতি শ্লথ করার জন্য কার্যকরী অফ-স্পিনারদের চেয়ে আক্রমণাত্মক লেগ-স্পিনারদের ওপর ভরসা রেখেছেন বেশি। আর এ কারণেই ক্রিকেটে দুর্লভ হতে চলা লেগ-স্পিনাররা আবার মাথা তুলে দাঁড়াবার সুযোগ পেয়েছে।
বিশ্বের তাবৎ লেগ-স্পিনাররা তাই তাহির, বদ্রি আর মিশ্রকে ধন্যবাদ জানাতেই পারে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ৫ বোলার:
খেলোয়াড় | ম্যাচ | ওভার | রান | উইকেট | সেরা বোলিং | গড় | ইকোনোমি |
ইমরান তাহির | ৫ | ২০.০ | ১৩১ | ১২ | ৪/২১ | ১০.৯১ | ৬.৫৫ |
আহসান মালিক | ৭ | ২৪.৫ | ১৬৬ | ১২ | ৫/১৯ | ১৩.৮৩ | ৬.৬৮ |
স্যামুয়েল বর্দি | ৫ | ২০.০ | ১১৩ | ১১ | ৪/১৫ | ১০.২৭ | ৫.৬৫ |
রবিচন্দ্রন অশ্বিন | ৬ | ২৩.১ | ১২৪ | ১১ | ৪/১১ | ১১.২৭ | ৫.৩৫ |
অমিত মিশ্র | ৬ | ২২.০ | ১৪৭ | ১০ | ৩/২৬ | ১৪.৭০ | ৬.৬৮ |
