চাপকে আশীর্বাদ হিসেবে দেখছেন হাফিজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনাল নিশ্চিত করতে হলে সুপার টেনের শেষ দুই ম্যাচ জিততেই হবে পাকিস্তানকে। তবে বাঁচা-মরার এই সমীকরণকে চাপ নয়, বরং আশীর্বাদ হিসেবেই দেখছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ হাফিজ।
পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ হাফিজ।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের পর সংবাদ সম্মেলনে হাফিজ বলেন, “সেমি-ফাইনালে যেতে হলে আমাদের শেষ দুই ম্যাচে জিততে হবে। এমন পরিস্থিতিতে পড়ে ভালোই হল। আমরা একবারে একটা ম্যাচ নিয়েই ভাবছি।”
টানা তিন ম্যাচ জিতে প্রথম দল হিসেবে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে ভারত। গাণিতিক হিসেবে বাকি চার দলের সম্ভাবনা টিকে থাকলেও এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।
“চিত্রটা এটা এখন একদম পরিষ্কার। এখন আমাদের আর কোনো ভুল করার সুযোগ নেই। গত ম্যাচ থেকে আমরা আত্মবিশ্বাসী হতে পারি। সেই ম্যাচে কঠিন পরিস্থিতিতে প্রত্যেকেই দৃঢ়তা দেখিয়েছেন বলেই আমরা ঘুরে দাঁড়াতে পেরেছিলাম।”
টানা দুই ম্যাচ হারলেও বাংলাদেশকে সমীহ করছেন হাফিজ।
“প্রতিপক্ষ হিসেবে আমরা ওদের সম্মান করি। টি-টোয়েন্টিতে কোনো দলকেই খাটো করে দেখার অবকাশ নেই। প্রতিটি দলকে হারাতে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হয়।”
বাংলাদেশকে হারাতে ব্যাটসম্যানদের পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে জানিয়ে তিনি বলেন, “আমরা পরিকল্পনা অনুযায়ী খেলেছি। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে রান পাবে তাকেই দলকে এগিয়ে নিতে হবে। গত ম্যাচে উমর আর কামরান আকমল তাই করেছেন।”
২৩ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিল পাকিস্তান। এক সপ্তাহের বিরতিতে ছন্দ হারানোর শঙ্কা করছেন না হাফিজ। বরং সময়টা কাজে লাগিয়েছেন তারা। তিনি জানান, লম্বা বিরতি চোট থেকে পুরোপুলি সেরে উঠেছেন উমর আকমল।
“ম্যাচগুলোতে কয়েকটা দুর্বল জায়গা চিহ্নিত করেছিলাম। এই সুযোগে সেগুলো সমাধানের চেষ্টা করেছি। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে আমরা পুরোপুরি চাঙ্গা হয়ে ফিরেছি। আমরা এখন সম্পূর্ণ প্রস্তুত।”
