২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সঙ্গীতে কণ্ঠ মেলাবেন ক্রিকেটাররাও

লাখো কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ, যেখানে কণ্ঠ মেলাবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 07:32 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

বুধবার স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড ময়দানে একসঙ্গে তিন লাখ মানুষের জাতীয় সংগীত গাওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

মঙ্গলবার সাংবাদিকদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান জানান, বাংলাদেশের ক্রিকেটাররা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জাতীয় সঙ্গীতে কণ্ঠ মেলাবেন। ২০১৩ সালের ৬ মে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে গিনেজ বুকে স্থান করে নিয়েছিল সাহারা ইন্ডিয়া পরিবার (ভারত)। ওই আয়োজনে ১ লাখ ২১ হাজার ৬৫৩ জন অংশ নিয়েছিলেন। সে হিসাবে ৩ লাখ কণ্ঠের মহামিলনে জাতীয় সংগীত গেয়ে গিনিজ বুকে রেকর্ড গড়া থেকে মাত্র কয়েক ঘণ্টা দূরত্বে আছে বাংলাদেশ। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।

‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সরাসরি দেখতে পারবেন দর্শকরা। এছাড়া বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পাশাপাশি কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল অনুষ্ঠানটি সম্প্রচার করবে। বাংলাদেশ বেতারেও শ্রোতারা শুনতে পারবেন।

‘সবার জন্য’ উন্মুক্ত আয়োজনটি শুধু ঢাকাতেই সীমাবদ্ধ থাকছে না, নিজ উদ্যোগে জেলা, উপজেলায় একই সময় সমবেত কণ্ঠে শোনা যাবে জাতীয় সংগীত।