ধোনির মুখে বোলারদের প্রশংসা
এশিয়া কাপে ফাইনালে উঠতে ব্যর্থ হলেও টানা দ্বিতীয় জয়ে ভারতের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালের হাতছানি। দলের সাফল্যে বড় অবদান রাখায় বোলারদের প্রশংসা করছেন মহেন্দ্র সিং ধোনি।
সংবাদ সম্মেলনে বোলারদের প্রশংসা করছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সংবাদ সম্মেলনে বোলারদের প্রশংসা করছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সংবাদ সম্মেলনে হতাশার কথা জানাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সংবাদ সম্মেলনে হতাশার কথা জানাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই ৭ উইকেটে হারানোর পর সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক বলেন, “বোলারদের পারফরম্যান্সে আমি খুশি। ওয়েস্ট ইন্ডিজের বিগ হিটারদের ওরা বেঁধে রেখেছিল।”পাওয়ার প্লেতে ৩ ওভারে মাত্র ৩ রান দেয়া ভুবনেশ্বর কুমার আর টানা দ্বিতীয় ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা অমিত মিশ্রর কথা আলাদা করে বললেন ধোনি।“ভুবি (ভুবনেশ্বর) আগেও গেইলকে ভুগিয়েছে। সে নতুন বলে খুব ভালো বোলার। মিশ্র আজকেও চমৎকার বল করেছে। তার সেরা অস্ত্র ‘ফ্লাইট’ আর বৈচিত্র্য। আমি তাকে তার সামর্থ্য অনুযায়ী বল করতে বলেছি। তবে এখনো সে নিজের সামর্থ্যের শতভাগ বল করতে পারেনি। আশা করি সামনের ম্যাচগুলোতে সে আরো ভালো বল করবে।”পাকিস্তানের মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সহজ ক্যাচ ধরতে পারেননি যুবরাজ সিং। ব্যাটিংয়েও তার দৈন্যদশা চলছেই। ধোনি অবশ্য দীর্ঘ দিনের সতীর্থর পাশেই আছেন।“যুবরাজ টি-টোয়েন্টির সেরা খেলোয়াড়। জ্বলে ওঠার জন্য তাকে আরেকটু সময় দিতে হবে। একবার ছন্দে ফিরলে সে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমরা সবাই জানি।”অন্যদিকে হার দিয়ে শিরোপা ধরে রাখার ‘মিশন’ শুরু হওয়ায় ভীষণ হতাশ ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি।তিনি বলেন, “ভারতের বোলারদের ঠিকভাবে সামলাতে পারিনি আমরা। ভুবনেশ্বর দুই দিকে সুইং করাতে পারে। টি-টোয়েন্টি ক্রিকেটে সে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বোলারদের একজন। ওদের স্পিনাররাও আজ ভালো বল করেছে।”ভারতের কাছে অসহায় আত্মসমর্পণের কথা স্বীকার করে নিয়ে স্যামি আরো বলেন, “আমরা ওদের কোনো জবাব দিতে পারিনি। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আরো তিনটি ম্যাচ আছে, তাতে নিজেদের সেরা খেলাটা খেলতে হবে।”এখনই দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশকে নিয়ে চিন্তা-ভাবনা শুরু করে দেয়া ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক আরো বলেন, “ঘরের মাঠে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। স্পিনের বিপক্ষে আমাদের ব্যাটসম্যানরা বেশ দুর্বল। আমরা ভালো মতোই জানি ওরা বেশ কয়েকজন স্পিনার খেলাবে। তাই আমাদের ভালো ব্যাট করতেই হবে।”
