পাকিস্তানের মেয়েদের হারিয়েছে দ. আফ্রিকা
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় দিয়েই শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। দুই উদ্বোধনী ব্যাটসম্যানের দারুণ নৈপুণ্যে পাকিস্তানকে ৪৪ রানে হারিয়েছে তারা।
রোববার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে গ্রুপ ‘এ’র ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১৬৩ রান করে দক্ষিণ আফ্রিকা।
সর্বোচ্চ অপরাজিত ৯০ রান করেন ড্যান ভ্যান নিয়েকার্ক। ৬৬ বলের ইনিংসে ১৩টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। আর ৫৫ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৬৭ রান করে অপরাজিত ছিলেন লিজেল লি।
জবাবে ৯ উইকেটে ১১৯ রান করতে পারে পাকিস্তানের মেয়েরা। ২৬ বলে ৪টি চারের সাহায্যে সর্বোচ্চ ৩২ রান করেন নিদা দার। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে উদ্বোধনী ব্যাটসম্যান নাইন আবিদির ব্যাট থেকে।
১৬ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার পেসার মারিজানে কাপ।
