২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবিশ্বাস্য জয়ে ‘টপ টেন’-এ ডাচরা

লক্ষ্য ১৯০। ২০ ওভারে এই রান করাই কঠিন। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করার জন্য আয়ারল্যান্ডের বিপক্ষে নেদারল্যান্ডসকে জিততে হতো মাত্র ১৪ ওভার ২ বলে। তার চেয়ে তিন বল কম খেলে, ১৩ ওভার ৫ বলে ৬ উইকেটের অবিশ্বাস্য জয় দিয়ে ‘টপ টেন’-এ পৌঁছে গেছে ডাচরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2014, 07:35 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

প্রথম পর্বের ‘বি’ গ্রুপে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস তিন দলেরই পয়েন্ট ৪। তবে নেট রান রেটে জিম্বাবুয়ে (+০.৯৫৭) ও আয়ারল্যান্ডকে (-.৭০১) পেছনে ফেলে ‘টপ টেন’ নিশ্চিত করেছে নেদারল্যান্ডস (+১.১০৯)।শুক্রবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে ‘ইতিহাস’ গড়ার ইঙ্গিত দেন নেদারল্যান্ডসের দুই উদ্বোধনী ব্যাটসম্যান পিটার বোরেন ও স্টেফান মাইবার্গ, ‘পাওয়ার প্লে’র ৬ ওভারে ৯১ রান তুলে।ষষ্ঠ ওভারের শেষ বলে আউট হওয়ার আগে অধিনায়ক বোরেন ৪টি চার ও দুটি ছক্কায় ১৫ বলে ৩১ রান করেন।তবে অধিনায়কের বিদায় মাইবার্গকে হতোদ্যম করতে পারেনি। মাত্র ২৩ বলে ৬৩ রান করার পথে ৪টি চার ও ৭টি বিশাল ছক্কা মারেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম অর্ধশতক (১৭ বলে) করেন তিনি।মাইবার্গ আউট হওয়ার পর চতুর্থ উইকেটে ২৪ বলে ৬১ রানের জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন ওয়েসলি বারেসি ও টম কুপার। ৬টি ছক্কাসহ মাত্র ১৫ বলে ৪৫ রান করেন কুপার।বারেসি ও বেন কুপার মিলে ডাচদের এনে দেন অসাধারণ জয়। ২২ বলে ৩টি করে চার ও ছক্কায় অপরাজিত ৪০ রান আসে বারেসির ব্যাট থেকে। ছক্কা মেরে দলকে জয় এনে দেয়া বেন কুপার অপরাজিত ছিলেন ৯ রানে।এই ম্যাচে এক ইনিংসে ১৯টি ছক্কা মারার রেকর্ডও গড়েছে নেদারল্যান্ডস। ১৮টি ছক্কার আগের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার।এর আগে টস হেরে ব্যাট করতে নেমে উইলিয়াম পোর্টারফিল্ড, অ্যান্ড্রু পয়েন্টার ও কেভিন ও’ব্রায়েনের আক্রমণাত্মক ব্যাটিং ৪ উইকেটে ১৮৯ রান এনে দিয়েছিল আয়ারল্যান্ডকে।তবে পোর্টারফিল্ড ৩২ বলে ৪৭, পয়েন্টার ৩৮ বলে ৫৭ এবং ও’ব্রায়েন ১৬ বলে ৪২ রানে অপরাজিত দলকে বড় সংগ্রহ এনে দিলেও তাতে কোনো লাভ হয়নি আইরিশদের।সংক্ষিপ্ত স্কোর:আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৮৯/৪ (পোর্টারফিল্ড ৪৭, স্টার্লিং ৭, জয়েস ২৮, পয়েন্টার ৫৭, ও’ব্রায়েন ৪২*; জামিল ২/২৬, গাগটেন ১/৩২)নেদারল্যান্ডস: ১৩.৫ ওভারে ১৯৩/৪ (বোরেন ৩১, মাইবার্গ ৬৩, বারেসি ৪০*, ফন বিক ১, টম কুপার ৪৫, বেন কুপার ৯*; ও’ব্রায়েন ২/২৯, ডকরেল ১/৪৩, মুরতাগ ১/৪৭)ম্যাচ সেরা: স্টেফান মাইবার্গ।